ছবি: সংগৃহীত
বছর ঘুরে আবারও শুরু হতে যাচ্ছে মুসলিমদের সিয়াম-সাধনার মাস পবিত্র রমজান মাস। ইতিমধ্যে বিভিন্ন দেশের রোজা শুরুর সম্ভাব্য দিন-তারিখ প্রকাশিত হয়েছে। এর মধ্যে সৌদি আরবে রমজান মাস শুরু হতে পারে আগামীকাল বুধবার (১৮ই ফেব্রুয়ারি) অথবা বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারি)। চাঁদ দেখার ওপর বিষয়টি নির্ভর করছে।
সাধারণত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে আগামী বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারি) অথবা এর পরের দিন শুক্রবার (২০শে ফেব্রুয়ারি)। ২০শে ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন এবং ২১শে মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ও ভারতে ঐতিহ্যগতভাবে হিলাল বা চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়। শাবান মাসের ২৯তম রাতে সূর্যাস্তের পর বিভিন্ন কমিটি আকাশ পর্যবেক্ষণ করে। চাঁদ দেখা গেলে পরদিন থেকে রমজান শুরু হয়, না দেখা গেলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ করা হয়। দুই দেশের বিভিন্ন শহরে আনুষ্ঠানিক ঘোষণার আগে বাস্তব চাঁদ দেখার জন্য অপেক্ষা করা হয়।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আজ মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) অমাবস্যা। তবে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা আগামীকাল বুধবার (১৮ই ফেব্রুয়ারি) রাতে বেশি। সে ক্ষেত্রে প্রথম রোজা ১৯শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) হতে পারে। তবে কোথাও আগে চাঁদ দেখা গেলে ১৮ই ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হতে পারে। আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে। একইভাবে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শেষ হতে পারে ১৯শে অথবা ২০শে মার্চ।
ইসলামী চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, রমজানের সূচনা নির্ধারিত হয় হিলাল বা অর্ধচন্দ্র দেখার মাধ্যমে। সৌদি আরবসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বহু দেশ চাঁদ দেখার প্রত্যক্ষ সাক্ষ্যের ভিত্তিতে মাস শুরুর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, কিছু দেশ জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর নির্ভর করে চাঁদের অবস্থান নির্ধারণ করে থাকে।
বাংলাদেশে চাঁদ দেখা কমিটি প্রতিবছর চাঁদ দেখার পর আনুষ্ঠানিকভাবে রোজা শুরুর বিষয়ে ঘোষণা দিয়ে থাকে। চাঁদ দেখার ভিত্তিতে তাদের ঘোষণার পর থেকে দেশে রোজা পালন শুরু করেন ধর্মপ্রাণ মুসলিমরা।
জে.এস/
খবরটি শেয়ার করুন