রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ

সরকার ‘তিন শূন্যের’ দায়িত্ব দেশে কতটা পালন করল, তার শ্বেতপত্র প্রকাশের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে ‘থ্রি জিরো’ বা তিন শূন্যের যে ধারণা প্রচার করেন, তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর জাতীয়ভাবে এই সরকার সেই দায়িত্ব কতটা পালন করেছে, তা সরকারের মেয়াদ শেষে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে মানুষকে জানানোর আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ সোমবার (২৬শে জানুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক মানববন্ধনে এই আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ‘ক্লিন এনার্জি’ দিবস-২০২৬ উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করে টিআইবি।

ইফতেখারুজ্জামান বলেন, ‘এই থ্রি জিরোকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে যে প্রচারণা করে থাকেন, জাতীয়ভাবে সেই প্রচারণার পাশাপাশি কতটুকু দায়িত্ব পালন করেছেন এই তিনটি বিষয়কে কেন্দ্র করে, এ বিষয়ে আমি মনে করি, দেশবাসী জানতে চাইবে।’

জাতিসংঘের সদস্যদেশ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্লিন এনার্জি দিবস পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দিবস পালনের মূল উদ্দেশ্য হলো মানুষ যেন সচেতন হয়। বিশেষত রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন, তারা যেন কার্বন নিঃসরণে ঠেকাতে সক্রিয় হন। 

দিবসটি পালনে সরকার ব্যর্থ হয়েছে। এ জন্য তিনি (ইফতেখারুজ্জামান) অত্যন্ত বিব্রত। আরও বেশি বিব্রত এই কারণে যে থ্রি জিরোর ধারক–বাহক যিনি (মুহাম্মদ ইউনূস), তার সরকার ব্যর্থ হয়েছে।

শূন্য কার্বন নিঃসরণের ভিত্তি গড়ার মতো কাজ করার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার সেই কাজে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সরকার কোনো উদ্যোগ নিয়েছে কি না, যা নিয়ে পরবর্তী নির্বাচিত সরকার সেই কাজ এগিয়ে নিয়ে যেতে পারত! সেই সুযোগ কেন দেশের জনগণ হারাল, এই প্রশ্নের জবাব অন্তর্বর্তী সরকারকে দিতে হবে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ তত্ত্ব প্রচার করেন। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, এই তিন বিষয়ে মুহাম্মদ ইউনূসের যেই প্রচার, সরকার গঠনের পর তার সরকার এই তত্ত্বের বিপরীতে কাজ করেছে।

অন্তর্বর্তী সরকারের খসড়া জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনার (ইপিএসএমপি ২০২৫) সমালোচনা করেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সরকারের এই পরিকল্পনা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। এই পরিকল্পনায় এমন কোনো দিকনির্দেশনা নেই, যার মাধ্যমে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানিতে উত্তরণ ঘটাতে পারবে।

টিআইবি নির্বাহী পরিচালক প্রশ্ন তোলেন, সরকারে যারা আছেন, তারা জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও জাতীয় অস্তিত্বের জন্য কতটা ভাবেন? তিনি বলেন, এই খসড়া মহাপরিকল্পনার মাধ্যমে সরকার প্রমাণ করেছে, তারা সিদ্ধান্ত চাপিয়ে দেয়।

ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের যেকোনো কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য অংশগ্রহণমূলক না করা। ভবিষ্যতে নির্বাচিত হয়ে যারা সরকার গঠন করবে, তাদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন অংশীজনদের মতামত নিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করে।

মানববন্ধনে টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ও সুশাসন নিয়ে একটি ধারণাপত্র উপস্থাপন করেন টিআইবির ক্লিন এনার্জি প্রজেক্টের সহসমন্বয়ক আশনা ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর–সংক্রান্ত প্রচারাভিযানে বিশ্ববাসীকে একত্র করার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে কাজ করে।

ধারণাপত্রে টিআইবির পক্ষ থেকে কয়েকটি সুপারিশ উপস্থাপন করেন আশনা ইসলাম। এর মধ্যে রয়েছে—জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে বন্ধ এবং জ্বালানি মিশ্রণে নবানয়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধির বিষয়ে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার করা। খসড়া জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা চূড়ান্তের আগে নাগরিক সমাজ, নিরপেক্ষ বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট অংশীজনের মতামত নেওয়া।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250