ছবি: সংগৃহীত
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে আজ শনিবার পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ নিখোঁজ রয়েছেন এবং ৬৩৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এই সংখ্যাগুলোর পরিবর্তন হতে পারে। বড় কোনো বিপর্যয়ের পর বিশৃঙ্খল পরিস্থিতিতে এমনটি অস্বাভাবিক নয়।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, তাদের দেশে নিখোঁজ মানুষ বেড়ে ২ হাজার ৪২৬ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, তিব্বতে নিখোঁজ মানুষের মোট সংখ্যা এখন ৫৫৪। সংস্থাটি সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সব মিলিয়ে মোট নিখোঁজ দাঁড়িয়েছে অন্তত ২ হাজার ৯৮০ জনে।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা গতকাল শুক্রবার জানায়, ৫১৭ বিদেশি এখনো নিখোঁজ রয়েছেন। এর মধ্যে পর্যটক এবং বিদেশি কর্মীও থাকতে পারেন। চীনা কর্মকর্তারা শুক্রবার নিখোঁজ বিদেশিদের সংখ্যা ২৬০ বলে জানিয়েছেন।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শনিবার জানিয়েছে, তাদের দেশে অন্তত ৬২৬ জনের প্রাণ গেছে, ফলে দুই দেশ মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে অন্তত ৬৩৩ জনে। নেপাল পর্যটন বোর্ডের শুক্রবারের তথ্য অনুযায়ী, নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত ৬২২ জনের মধ্যে ১৪৯ জন নেপালি পর্যটক রয়েছেন।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, এই সংখ্যা ১২৭। ওই এলাকার কতজন নেপালি বাসিন্দা নিখোঁজ রয়েছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। তবে এই সংখ্যা কয়েকশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, নেপালে নিখোঁজদের মধ্যে প্রায় ১০০ চীনা নাগরিক রয়েছেন। নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, আট চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন তবে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। এর বাইরেও সীমান্তের চীনা অংশে আরও ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন বলে শনিবার জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
খবরটি শেয়ার করুন