মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

আসছে অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি-২’, প্রথমবার সংগীতসফরে আমেরিকা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

#

অর্থহীন ব্যান্ডের তিন সদস্য (বাঁ থেকে) মার্ক ডন, সুমন ও এহতেশাম আলী। ছবি: সংগৃহীত

‘ফিনিক্সের ডায়েরি’ অ্যালবাম প্রকাশের তিন বছর পর ‘ফিনিক্সের ডায়েরি-২’ নিয়ে হাজির হচ্ছে অর্থহীন ব্যান্ড। দুই বছর আগে ফেসবুক লাইভে এই অ্যালবামের ঘোষণা দিয়েছিলেন দলটির প্রধান সাইদুস সালেহীন খালেদ সুমন, যিনি সবার কাছে বেজবাবা সুমন নামে পরিচিত। এবার অর্থহীন জানালো ফিনিক্সের ডায়েরি-২-এর মুক্তির সময়। আগামী অক্টোবরে প্রকাশ পাবে নতুন অ্যালবামটি।

ফেসবুকে একটি মোশন পোস্টার শেয়ার করে ফিনিক্সের ডায়েরি-২ অ্যালবামের মুক্তির ঘোষণা দেয় অর্থহীন। সেখানে দেখা যায়, ডানা ঝাপ্টাচ্ছে একটি ফিনিক্স পাখি। চারদিকে দাউ দাউ আগুন। হঠাৎ বিকট বিস্ফোরণে ঝলসে যায় ফিনিক্স পাখির দুই ডানা। সাদা রঙের দুই ডানা আগুনে ঝলসে লাল হয়ে যায়। ঝরতে থাকে রক্ত। এরপর ইংরেজি অক্ষরে পর্দায় ভেসে ওঠে কিছু কথা যার অর্থ—‘জীবনে মাঝেমধ্যে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটির সঙ্গেও ভালো কিছু হয়।’ শেষে জানানো হয়, ২০২৬ সালের অক্টোবর নয়—২০২৫ সালের অক্টোবরেই আসছে ফিনিক্সের ডায়েরি-২। তবে ফিনিক্সের নতুন এই অ্যালবামে মোট কয়টি গান থাকছে, তা জানানো হয়নি।

২০২২ সালে প্রকাশ পেয়েছিল ফিনিক্সের ডায়েরি। আটটি গান দিয়ে সাজানো হয়েছিল অ্যালবামটি। ছয় বছরের বিরতি কাটিয়ে অর্থহীন প্রকাশ করেছিল তাদের নতুন অ্যালবাম। মূলত দলপ্রধান সুমনের অসুস্থতার কারণেই নতুন গান প্রকাশ করছিল না অর্থহীন। ক্যানসারের সঙ্গে লড়াই, একের পর এক অস্ত্রোপচারের কারণে সুমন ওই সময় অনেক দিন গান থেকে দূরে ছিলেন।

এর আগে ২০১৬ সালে প্রকাশ পেয়েছিল অর্থহীন ব্যান্ডের পূর্ণাঙ্গ অ্যালবাম ‘ক্যানসারের নিশিকাব্য’। এরপর ২০১৮ সালে প্রকাশ পেয়েছিল ‘কারণ তুমি অমানুষ’ শিরোনামে সিঙ্গেল ট্র্যাক।

অন্যদিকে, অক্টোবরেই প্রথমবারের মতো সংগীতসফরে আমেরিকা যাবে অর্থহীন। গত জুলাইয়ে এই সফরের কথা জানিয়েছিল ব্যান্ডটি। এবার জানালো সময়সূচি। অর্থহীন ব্যান্ডের ব্যবস্থাপক এহসানুল হক টিটো জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে কনসার্টের কথা চলছিল; কিন্তু সুমনের অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে আমেরিকা সফর দিয়ে আবার বিদেশযাত্রা শুরু হচ্ছে অর্থহীনের।

২৫শে অক্টোবর বোস্টন থেকে শুরু হবে অর্থহীনের আমেরিকা  সফর। এরপর ১লা নভেম্বর ভার্জিনিয়া, ২রা নভেম্বর নিউইয়র্ক, ১৪ই নভেম্বর হিউস্টন, ১৬ই নভেম্বর ডালাস এবং ২২শে নভেম্বর ইন্ডিয়ানায় গান শোনাবে অর্থহীন। এই সফরে আরও কয়েকটি শো যুক্ত হতে পারে। কনসার্ট ট্যুরের আয়োজক মিউজিক বাংলা ও ভেরিতাস ইভেন্টস। জানা গেছে, আমেরিকা সফরে যাওয়ার আগেই ফিনিক্সের ডায়েরি-২ প্রকাশ করবে অর্থহীন।

অর্থহীন ব্যান্ডের বর্তমান লাইনআপ: সুমন (কণ্ঠ ও বেজ গিটার), মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী (গিটার)।

জে.এস/

সংগীত ব্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250