সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

৮০টি সেলাই ও ২ ঘণ্টার অস্ত্রোপচারে বাঁচল একটি কোবরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাধারণত মানুষের ক্ষেত্রে জটিল অপারেশনে কয়েক ঘণ্টার বেশি সময় লাগে। তবে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়নে একটি বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সেখানে একটি আহত বিষধর কোবরাকে বাঁচাতে চালানো হয়েছে অস্ত্রোপচার। প্রায় ২ ঘণ্টার সফল অপারেশনে অবশেষে প্রাণ ফিরে পেয়েছে আহত সাপটি। সাপটির শরীরে ৮০টি সেলাই পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার (২৫শে নভেম্বর) রাতে বিক্রম নগর শিল্পাঞ্চলে খননকাজের সময় জেসিবি এক্সকাভেটরের আঘাত লেগে সাপটি আহত হয় এবং রক্তপাত হতে থাকে। সাপটির চামড়া ফেটে যায় এবং মাথায় মারাত্মক ক্ষত তৈরি হয়।

প্রথমে ভয় পেয়ে সেখানকার লোকজন সাপটির দিকে মাটি ছুড়ে মারতে শুরু করেন। এরপর তারা স্থানীয় সাপ উদ্ধারকারী ‘স্নেক ফ্রেন্ডস’খ্যাত রাহুল ও মুকুলকে খবর দেন। রাহুল ও মুকুল ঘটনাস্থলে পৌঁছে আহত কোবরাটিকে নিরাপদে উদ্ধার করেন এবং দ্রুত পশু হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রধান ভেটেরিনারি সার্জন ড. মুকেশ জৈন এবং তার দল রামকন্যা গৌরব, রবি রাঠোর ও প্রশান্ত পরিহার পরীক্ষা করে দেখতে পান যে—কোবরাটির মাথা ও পিঠে গভীর ক্ষত হয়েছে এবং শরীরের কিছু অংশের চামড়া সম্পূর্ণরূপে উঠে গেছে।

তারা বুঝতে পারেন, সাপটির জন্য বড় ধরনের অস্ত্রোপচার প্রয়োজন। তৎক্ষণাৎ তারা ওষুধপত্রের ব্যবস্থা করেন, সাপটিকে হালকা অ্যানেসথেসিয়া দিয়ে সেই জটিল অস্ত্রোপচার শুরু করেন। দুই ঘণ্টা ধরে চিকিৎসকেরা সাবধানে ছেঁড়া ত্বক ও পেশি সেলাই করেন এবং সব মিলিয়ে ৮০টি সেলাই দিয়ে কোবরাটির জীবন বাঁচান।

অপারেশনের পর ড. জৈন নিশ্চিত করেন, আহত সাপটি এলাপডি (Elapidae) পরিবারের অন্তর্ভুক্ত। অস্ত্রোপচারের পর সাপটি এখন স্থিতিশীল অবস্থায় আছে এবং পোস্ট সার্জারি যত্নের জন্য উদ্ধারকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আরও দুদিন পর্যবেক্ষণে রাখার পর সাপটিকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।

জে.এস/

সাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250