ছবি: সংগৃহীত
শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় বন্ধ রয়েছে ৩৯টি পোশাক কারখানা। আজ রোববার দুপুর ২টার দিকে শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
এর মধ্যে ২১টি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে। এছাড়া আজ শ্রমিকরা কারখানায় এসে কাজ না করায় ১৮টি কারখানা ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের জেরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় ৩৯টি কারখানা বন্ধ থাকলেও বাকিগুলো উৎপাদনে ফিরেছে।
মোমিনুল ইসলাম জানান, দুপুর ২টা পর্যন্ত কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
যোগাযোগ করা হলে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, কারখানার সামনে ১৩(১) ধারায় ছুটির নোটিশ টানানো থাকলেও বেশ কয়েকটি কারখানায় পরিস্থিতি অনুকূলে থাকায় উৎপাদন কার্যক্রম শুরু করেছে।
‘কিছু কারখানায় সকালে ছুটি দিলেও দুপুর থেকে ওভারটাইম হিসেবে কাজ চলছে। বিগত দিনগুলোর তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই ভালো। তবে এই মুহূর্তে শ্রমিক ও শ্রমিক নেতাদের গ্রেপ্তার-পুলিশি হয়রানি বন্ধ করা উচিত,’ বলেন এই শ্রমিক নেতা।
খবরটি শেয়ার করুন