ছবি: সংগৃহীত
১৬ বছর বা এর কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, কমিটিতে অবশ্যই সাইবার নিরাপত্তা, শিশু মনস্তত্ত্ব, শিশুরোগ এবং আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে হবে।
একটি রিট আবেদনের শুনানি শেষে আজ রোববার বিচারপতি সিকদার মোহাম্মদ মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
টেলিযোগাযোগ, শিশুবিষয়ক, স্বাস্থ্য এবং আইন মন্ত্রণালয়ের সচিব ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে দ্রুত এ কমিটি গঠনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে, ১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন হাইকোর্ট।
চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীরের এ রিট করেছিলেন। আদালতে রিটের পক্ষে নিজেই শুনানি করেন তিনি।
এই আইনজীবী বলেন, 'কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা কোনো বিধিনিষেধ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে এবং নানাভাবে প্রভাবিত হচ্ছে। এর ফলে অনেক শিশু একাকিত্ব ও বিষণ্নতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছে, যা তাদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।'
খবরটি শেয়ার করুন