তৃতীয় বিয়েটা বেশ আয়োজন করে করেছিলেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। বিয়ের দিন কেঁদেছিলেন হাপুস নয়নে। তাই দেখে অনেকে ভেবেছিলেন, বহুদিন পর যৌথ জীবনে প্রবেশ করার সুখের বহিঃপ্রকাশ এটি। কিন্তু এক বছরও স্থায়ী হলো না সে সুখের গল্প। কেননা ভাঙতে বসেছে ব্রিটনির তৃতীয় বিয়ে।
এরইমধ্যে গায়িকার স্বামী স্যাম আসগারি বিচ্ছেদের আবেদন করেছেন। এবার বিষয়টি নিয়ে সরব হলেন ব্রিটনি। সামাজিক মাধ্যমে জানালেন এক দীর্ঘ প্রতিক্রিয়া।
নিজের ইনস্টাগ্রামে ব্রিটনি লিখেছেন, ‘স্যাম ও আমি আর একসঙ্গে নেই। কারও সঙ্গে থাকার জন্য ছয় বছর বেশ লম্বা সময় যদিও; কিন্তু আমি কিঞ্চিৎ অবাক! আমি এখানে ব্যাখ্যা দিতে দিতে আসিনি, কারণ এটা কারও মাথাব্যথা না। কিন্তু সত্যি বলতে, আমি কষ্টটা আর নিতে পারছিলাম না।’
এরপর গায়িকা লেখেন, ‘বন্ধুদের কাছ থেকে আমি কিছু বার্তা পেয়েছি, যেগুলো দেখে আমার মন গলে গেছে, এজন্য তাদের ধন্যবাদ। আমি অনেক দিন ধরেই খুব কষ্টে সহ্য করছি; যদিও আমার ইনস্টাগ্রাম একদম ঠিকঠাক দেখাচ্ছে। কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন। আবেগ ও কান্না দেখাতে পারলে আমারও ভালো লাগতো, কিন্তু কিছু কারণে নিজের দুর্বলতা লুকাতে হয়েছে।’
ব্রিটনি আরও লেখেন, ‘আমি যদি আমার বাবার শক্তিশালী যোদ্ধা না হতাম, তাহলে আমাকে সুস্থ করার জন্য চিকিৎসকের কাছে নিতে হতো। যতটা সম্ভব আমি শক্ত থাকব এবং সত্যিই আমি বেশ ভালো আছি। যাইহোক, আপনার দিনটা ভালো হোক এবং হাসতে ভুলবেন না।’
জানা গেছে, স্যাম ব্রিটনির ওপর এনেছেন প্রতারণার অভিযোগ। স্ত্রীর পরকীয়া নাকি হাতেনাতে ধরে ফেলেছেন তিনি। এ নিয়ে দুজনের মারাত্মক ঝামেলাও হয়েছে। যা গড়িয়েছে হাতাহাতিতে। তারপরই স্যাম ঠিক করেন তিনি ডিভোর্স দেবেন ব্রিটনিকে।
আরো পড়ুন: অর্জুন-মালাইকার সম্পর্ক ভাঙছে!
একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্রিটনির স্বামী স্যাম এরইমধ্যে বাড়ি ছেড়ে চলে গেছেন এবং অন্যত্র বসবাস করছেন। কয়েকমাস ধরেই ব্রিটনিকে এড়িয়ে চলছিলেন স্যাম এই ঝগড়া ও হাতাহাতির কারণে। তবে বিচ্ছেদের পর, ব্রিটনির থেকে আর্থিক সুবিধা পেতে পারেন স্যাম। যদিও এখনই তা স্পষ্ট নয়।
২০০৪ সালে ছোটবেলার বন্ধু জ্যাসন আলেকজান্ডারকে বিয়ে করেছিলেন ব্রিটনি। কিন্তু সেই বিয়ের আয়ু ছিল অল্প কিছুদিন। এরপর জীবনসঙ্গী হিসেবে তিনি বেছে নেন নৃত্যশিল্পী কেভিন ফেডারলিনকে।
ওই সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। ২০০৭ সালে কেভিনের সঙ্গে দাম্পত্য জীবনের অবসান ঘটান তিনি। এর ১৬ বছর পর কাগজে-কলমে স্যাম আসগরির হয়েছিলেন এই পপ গায়িকা।
এসি/ আই.কে.জে