বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ভারতের অভিনন্দন *** নোয়াখালীতে আ. লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার *** যতদ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল *** বিশ্বজুড়ে বড় বিভ্রাটের পর স্বাভাবিক ইউটিউব, যে কারণ জানা গেল *** ‘শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ শুরু করেছি’ *** বাংলাদেশকে দেখে শিখুন কীভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** ‘গ্রামীণ ব্যাংককে গালি দেওয়ায় আনিস আলমগীর গ্রেপ্তার হন’ *** ইংরেজি দৈনিকে সম্পাদক হিসেবে যোগ দিলেন সদ্য সাবেক প্রেস সচিব *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শাহবাজ শরিফের

‘শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ শুরু করেছি’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন আজ বুধবার (১৮ই ফেব্রুয়ারি) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানানোর পর তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

বুধবার বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান। এরপর নতুন প্রধানমন্ত্রী সেখানকার পরিদর্শন বইয়ে স্বাক্ষরের পাশাপাশি বৃক্ষরোপণ করেন।

পরিদর্শন বইয়ের পাতায় দেখা যায়, একেবারে বাঁয়ে প্রথম সারিতে আজকের তারিখ লিখেছেন প্রধানমন্ত্রী। এরপরের সারিতে নিজের নাম ‘তারেক রহমান’ ও পরিচয়ের সারিতে লিখেছেন ‘মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’। পরের সারিতে মন্তব্যের জায়গায় প্রায় ১৫০ শব্দে নিজের মন্তব্য লেখেন তিনি। সবশেষে স্বাক্ষর।

পরিদর্শন বইয়ের মন্তব্য সারিতে তিনি লেখেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসানের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছি। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।’

প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নবগঠিত মন্ত্রিসভাসহ আমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি, যাদের আত্মত্যাগে আমাদের স্বাধীন বাংলাদেশ। ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ দেশের ইতিহাসে এযাবৎকালে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সকল শহীদদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’

নবনির্বাচিত প্রধানমন্ত্রী লেখেন, ‘আমি এবং আমরা বিশ্বাস করি, শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমরা কাজ শুরু করেছি। আল্লাহ যেন আমাদেরকে জনগণের সামনে ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দান করেন। আমি আবারও আল্লাহর দরবারে সকল শহীদের মাগফিরাত কামনা করছি।’

এর আগে গতকাল মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

জে.এস/

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250