রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা *** টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা *** পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ *** ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর *** সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক *** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

#

শনিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬ ’-এ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬ ’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এই ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং হাতে কলমে তাদের অভিজ্ঞতা অর্জনের জন্য বাস্তব কর্মক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য আমি শিল্পোদ্যোক্তাদের প্রতিও আহ্বান জানাই। তাহলে শিক্ষার্থী থাকা অবস্থায়ই একজন শিক্ষার্থী ‘লক্ষ্যনির্ভর কর্মদক্ষতা’ এবং অভিজ্ঞতা লাভের কারণে শিক্ষাজীবন শেষে চাকরির জন্য অপেক্ষা না করে নিজেই একজন উদ্যোক্তা হিসেবে অন্যের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার সক্ষমতা অর্জন অসম্ভব কিছু নয়।

একজন অধ্যক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের নেতা মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আপনারা একাডেমিক নেতৃত্বের কেন্দ্র। ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্থপতি। আপনাদের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা আর দূরদর্শিতার ওপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা বিকাশের অনেক কিছুই নির্ভর করে।

ফ্যাসিবাদের সময়কালে অন্য সবকিছুর মতো দেশের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার সবাই মিলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক এবং সময়োপযোগী করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সরকার পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের সকল উদ্যোগ গ্রহণ করেছে। তবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বাস্তবায়নের নেতৃত্ব কিন্তু আপনাদেরকেই পালন করতে হবে।

তিনি বলেন, শহর কিংবা গ্রাম, সবার জন্য উচ্চ শিক্ষার সুযোগ তৈরি করতে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর থেকে এ যাবৎ কলেজের সংখ্যা অনেক বেড়েছে। বেড়েছে উচ্চ শিক্ষার সুযোগ। শিক্ষার্থী সংখ্যা বেড়েছে। কলেজ এবং শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে—এটি এখনো প্রশ্নের ঊর্ধ্বে নয়।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সঙ্গে শিক্ষক এবং শিক্ষার্থীরা নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে প্রতি বছর সার্টিফিকেট নির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে কিন্তু বেকারত্ব কমবে না। দেখা যায়, একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি ব্যাবহারিক এবং কারিগরি জ্ঞান ও দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশির অন্যতম কারণ।

চলমান পরিস্থিতিতে উচ্চ শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইতিমধ্যেই এপ্রেন্টিসশীপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিটা সহযোগিতা বাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। গত কয়েক মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দেড় হাজারের বেশি সমঝোতা স্মারক স্বাক্ষর চূড়ান্ত হয়েছে।

তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দলাদলি, গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত এবং অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখা জরুরি। গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকবে। কিন্তু সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়ে দাঁড়ায় সেই বিষয়ে সতর্ক এবং সচেতন থাকতে হবে।

উল্লেখ্য, এবারের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬ ’-এর এবারের প্রতিপাদ্য হচ্ছে—‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’

উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাও এ আয়োজনের উদ্দেশ্য।

প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250