ফাইল ছবি
সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদকে দীর্ঘদিন ধরে কারাগারে আটক রাখাকে স্বেচ্ছাচারী ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী বলে মত দিয়েছে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন। এই সাংবাদিক দম্পতিকে আটকে রাখার কোনো আইনগত ভিত্তি নেই বলে মনে করে জাতিসংঘের এই বিশেষজ্ঞ সংস্থা। তাদের আটক রাখার মধ্য দিয়ে মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও লঙ্ঘিত হচ্ছে।
এ অবস্থায় তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ)। সংগঠনটি বলেছে, বাংলাদেশে ভিত্তিহীন অভিযোগে আটক অন্য সাংবাদিকদেরও মুক্তি দেওয়া উচিত।
গত শুক্রবার (২৭ নভেম্বর) সিজেএর নিজস্ব ওয়েবসাইটে ‘নাউ ইউএন বডি সেজ বাংলাদেশ ডিটেনশনস ভায়োলেট ইন্টারন্যাশনাল ল’ (এখন জাতিসংঘের সংস্থা বলছে, বাংলাদেশে আটক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে) শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন এক মতামতে ফারজানা রূপা ও শাকিল আহমেদের আটককে স্বেচ্ছাচারী হিসেবে চিহ্নিত করেছে। তাদের আটক রাখার পেছনে আইনগত ভিত্তি না থাকার পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার পাওয়ার অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে মত দিয়েছে সংস্থাটি।
সিজেএর প্রতিবেদনে বলা হয়েছে, ফারজানা রূপা ও শাকিল আহমেদ স্বামী-স্ত্রী। ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তারের পর থেকে তারা কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। একাধিকবার জামিনের আবেদন করেও তারা মুক্তি পাননি। গ্রেপ্তারের পর দুই বছরের বেশি সময় পার হলেও তাদের বিচারপ্রক্রিয়া ও আটক থাকার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সাংবাদিক দম্পতির পক্ষে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবীরা গত বছরের জানুয়ারিতে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশনের কাছে অভিযোগ জমা দেন। তাদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করে জাতিসংঘের সংস্থাটি এই মতামত দিয়েছে।
যুক্তরাজ্যের আইনজীবীদের প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট চেম্বার্স ২৫ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে জানায়, জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ ফারজানা রূপা ও শাকিল আহমেদের আটককে চারটি শ্রেণিতে স্বেচ্ছাচারী হিসেবে চিহ্নিত করেছে। সেগুলো হলো প্রথম, আটক রাখার কোনো আইনগত ভিত্তি নেই; দ্বিতীয়, তারা শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকার প্রয়োগ করার কারণে আটক হয়েছেন; তৃতীয়, তাদের ন্যায়বিচার ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার লঙ্ঘিত হয়েছে; এবং পঞ্চম, তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।
ডাউটি স্ট্রিট চেম্বার্সের বিবৃতিতে আরও বলা হয়েছে, সাংবাদিক দম্পতির বিরুদ্ধে অভিযোগের ভিত্তি হিসেবে গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে। এসব বক্তব্যের মাধ্যমে বিক্ষোভকারীদের হত্যায় তারা সহযোগিতা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। কিন্তু তাদের আইনজীবীদের দাবি, কোন বক্তব্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে, তা তাদের কখনো দেখানো হয়নি। জামিনের আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে।
ফারজানা রূপার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বাইরেও নতুন করে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। গত মে মাস থেকে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মুখোমুখি হচ্ছেন। ডাউটি স্ট্রিট চেম্বার্সের বক্তব্য অনুযায়ী, এসব অভিযোগের সঙ্গে তার সাংবাদিকতার কাজের সম্পর্ক রয়েছে। এর মধ্যে ২০১৩ সালে প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদন এবং ২০২৪ সালের আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রীর কাছে করা প্রশ্নও রয়েছে। ২০১৩ সালের ওই প্রতিবেদনটি সংশ্লিষ্ট ঘটনার ১৪০ দিন পর তিনি উপস্থাপন করেছিলেন বলে আইনজীবীদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সিজেএর নির্বাহী কমিটির সদস্য উইলিয়াম হর্সলে জাতিসংঘের এই মতামতকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন। তার মতে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে টেলিভিশনের দুই সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি আটক এবং ভিত্তিহীন অভিযোগ তাদের সাংবাদিকতার কাজের সঙ্গে সম্পর্কিত।
হর্সলে বলেন, এই সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। বাংলাদেশে ভিত্তিহীন অভিযোগে আটক অন্য সাংবাদিকদেরও মুক্তি দেওয়া প্রয়োজন। তার বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই সরকারের প্রতি সহানুভূতিশীল বলে বিবেচিত সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব মামলায় কয়েকজন সাংবাদিক দুই বছরের বেশি সময় ধরে আটক রয়েছেন।
তিনি আরও বলেন, ভোরের কাগজের সম্পাদক ও সিজেএর সহসভাপতি শ্যামল দত্তও অন্যায়ভাবে আটক সাংবাদিকদের মধ্যে রয়েছেন। ফারজানা রূপা ও মোজাম্মেল হক বাবুর মতো তিনিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগের মুখোমুখি হচ্ছেন। জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ মতামতের পর বাংলাদেশ সরকারের উচিত ভিত্তিহীন অভিযোগে আটক সব সাংবাদিককে মুক্তি দেওয়া। একই সঙ্গে বিচার বিভাগ ও প্রশাসনে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, যাতে সাংবাদিকেরা গ্রেপ্তার, কারাবাস কিংবা রাজনৈতিক প্রতিশোধের আশঙ্কা ছাড়াই তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।
জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধীন একটি বিশেষজ্ঞ সংস্থা। ১৯৯১ সালে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সিদ্ধান্তের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি পাঁচজন স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত। বিশ্বের বিভিন্ন দেশে কোনো ব্যক্তিকে স্বেচ্ছাচারীভাবে আটক রাখা হচ্ছে কি না, তা পর্যালোচনা করাই এর অন্যতম প্রধান দায়িত্ব।
কোনো ব্যক্তির আটক থাকার বিষয়ে অভিযোগ পেলে সংস্থাটি সংশ্লিষ্ট সরকারের কাছে ব্যাখ্যা চাইতে পারে। অভিযোগকারী ব্যক্তি, তার পরিবার, আইনজীবী কিংবা মানবাধিকার সংগঠনের কাছ থেকেও তথ্য গ্রহণ করে। এরপর সংশ্লিষ্ট ঘটনা ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড পর্যালোচনা করে আটক স্বেচ্ছাচারী কি না, সে বিষয়ে মতামত দেয়। এ ধরনের মতামতে কোনো ব্যক্তির মুক্তি, ক্ষতিপূরণ এবং একই ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়।
ফারজানা রূপা ও শাকিল আহমেদের বিষয়ে জাতিসংঘের এই অবস্থানের পেছনে আগেও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ প্রকাশের ঘটনা রয়েছে। ২০২৫ সালের ৭ মার্চ জাতিসংঘের তিনটি বিশেষজ্ঞ ম্যান্ডেটের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে একটি যৌথ যোগাযোগ পাঠানো হয়েছিল। এতে মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক বিশেষ প্রতিবেদক, বিচারকদের স্বাধীনতাবিষয়ক বিশেষ প্রতিবেদক এবং স্বেচ্ছাচারী আটকবিষয়ক ওয়ার্কিং গ্রুপের পক্ষ থেকে সাংবাদিক দম্পতির গ্রেপ্তার, বিচার ও কারাবাস নিয়ে উদ্বেগ জানানো হয়।
ওই যোগাযোগে বলা হয়েছিল, ২০২৪ সালের ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্সগামী বিমানে ওঠার আগে ফারজানা রূপা ও শাকিল আহমেদকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে হত্যা ও হত্যায় উসকানির অভিযোগ আনা হয়। ৩১ আগস্ট আদালতের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়। জাতিসংঘের বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেন, তাদের বিরুদ্ধে সরাসরি অপরাধে অংশগ্রহণের প্রমাণ উপস্থাপন না করেই গুরুতর অভিযোগ আনা এবং আটক রাখা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তাদের সাংবাদিকতার কাজ ও মতপ্রকাশের স্বাধীনতা প্রয়োগের সঙ্গে এই আটক সরাসরি সম্পর্কিত কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়।
জাতিসংঘের ওই যোগাযোগে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক সনদের ১৯ ও ১৪ নম্বর অনুচ্ছেদের প্রসঙ্গও তুলে ধরা হয়েছিল। ১৯ নম্বর অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা এবং ১৪ নম্বর অনুচ্ছেদে ন্যায়বিচার ও সুষ্ঠু বিচারের অধিকারের নিশ্চয়তা রয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ আনার ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ, প্রয়োজনীয়তা ও আনুপাতিকতা বজায় রাখার কথাও বলা হয়েছিল।
তবে জাতিসংঘের ওই যোগাযোগের জবাবে বাংলাদেশ সরকার নিজেদের অবস্থান তুলে ধরে। ২০২৫ সালের ২ জুলাই জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে পাঠানো জবাবে বলা হয়, ফারজানা রূপা ও শাকিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে নিহত ব্যক্তির পরিবারের একজন সদস্য, সরকার নয়। তাদের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ রয়েছে এবং প্রচলিত আইনে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। আদালতে হাজির করার পর আইন অনুযায়ী রিমান্ড মঞ্জুর ও জামিন আবেদন নাকচ করা হয়েছে বলেও সরকারের জবাবে উল্লেখ করা হয়। কারাগারে তাদের চিকিৎসা, আইনজীবীর সঙ্গে যোগাযোগ এবং স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়। ফারজানা রূপাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য নির্ধারিত সেলে রাখার অভিযোগও সরকার অস্বীকার করে।
তবে চলতি নভেম্বরে সাংবাদিক দম্পতির আটক নিয়ে ওয়ার্কিং গ্রুপের দেওয়া নতুন মতামত বিষয়টিকে আবারও আন্তর্জাতিক মানবাধিকার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। সিজেএর মতে, এই মতামত বাংলাদেশের কারাগারে আটক সাংবাদিকদের মুক্তি এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিচারিক ও প্রশাসনিক সংস্কারের দাবিকে আরও জোরালো করেছে।
খবরটি শেয়ার করুন