ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক স্মরণসভার আয়োজন করা হচ্ছে।
নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। আজ শনিবার নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণসভায় দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকেরা অংশ নেবেন।
স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদানসহ তার জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
স্মারকগ্রন্থে লেখার নির্ধারিত বিষয়ের মধ্যে রয়েছে খালেদা জিয়ার জীবন, নেতৃত্ব, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন, সংসদীয় রাজনীতির ইতিহাসে তার অবদান, অর্থনৈতিক দর্শন, নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, প্রত্যক্ষ স্মৃতিচারণা ও অজানা অধ্যায়, সরকার পরিচালনা ও সুশাসন, অন্তিম সময়ে খালেদা জিয়া এবং তার নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা।
প্রতিটি লেখা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে। লেখকদের ৩০ নভেম্বরের মধ্যে ই-মেইলে (nagorikshoronshova@gmail.com) লেখা পাঠাতে অনুরোধ করা হয়েছে। স্মারকগ্রন্থের সম্পাদকীয় বিবেচনায় কেবল নির্বাচিত লেখকদের লেখাই প্রকাশ করা হবে।
এ ছাড়া খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তার অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিও চিত্র (ডকুমেন্টারি) তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থ খালেদা জিয়ার জীবন–কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা, বাংলাদেশের ইতিহাসে তার অবদান তুলে ধরার একটি প্রয়াস। সেই সঙ্গে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলে প্রত্যাশা আয়োজকদের।
খবরটি শেয়ার করুন