ফাইল ছবি
শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দেওয়ার অনুরোধ প্রায় দুই বছর ধরে ঝুলিয়ে রেখেছে নয়াদিল্লি। এর মধ্যে শেখ হাসিনা নিজেই ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরতে চান। তার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে ভারত কীভাবে বিষয়টি দেখছে, তা নিয়ে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিবিসি বাংলার প্রকাশিত এক প্রতিবেদনে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে ভারতের বিবেচনায় রয়েছে দুটি শর্ত। প্রথমত, ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে বাংলাদেশের সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, একইভাবে তাকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থাও বাংলাদেশের সেনাবাহিনীকে করতে হবে। দ্বিতীয়ত, দেশে ফিরে তিনি যেন মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল এবং নতুন করে বিচারপ্রক্রিয়ার সুযোগ পান, সেই নিশ্চয়তা দিতে হবে।
বিবিসি বাংলার প্রতিবেদনে দিল্লির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সামরিক বিমান পাঠাতে পারে। বিকল্প হিসেবে স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট স্থানেও তাকে গ্রহণ করার ব্যবস্থা হতে পারে। এ ধরনের প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক বা আনুষঙ্গিক আয়োজন করতেও ভারত প্রস্তুত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এসব তথ্য ভারত সরকারের আনুষ্ঠানিক ঘোষণা নয়। বিবিসি বাংলার প্রতিবেদনে দিল্লির সরকারি ও সামরিক সূত্রের বক্তব্যের ভিত্তিতে ভারতের অবস্থান তুলে ধরা হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা কিংবা তাকে ফেরানোর সম্ভাব্য ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান। এর পর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। ২০২৫ সালের ১৭ নভেম্বর দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন। শেখ হাসিনা ওই বিচারপ্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন।
গত ১০ জুলাই বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি ডিসেম্বরের দিকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। একই সঙ্গে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদেরও তার সঙ্গে দেশে ফেরার পরিকল্পনার কথা জানান। তবে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ জানাননি তিনি। রয়টার্সকে তিনি বলেন, দেশে ফিরলে গ্রেপ্তার কিংবা মৃত্যুর ঝুঁকি থাকলেও তিনি সেই ঝুঁকি নিতে প্রস্তুত।
এরপর ৯ নভেম্বর রয়টার্সের আরেকটি প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। তার আইনজীবীদের পাঠানো চিঠি থেকে এ তথ্য পেয়েছে রয়টার্স। তবে তারেক রহমান সরকার তার আবেদন প্রত্যাখ্যান করেছে। ফলে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার বক্তব্য কেবল রাজনৈতিক ঘোষণা নয়, প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের চেষ্টাও শুরু হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নয়াদিল্লিতে প্রথম শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পাঠানো হয় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর। পরে ২০২৫ সালের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরও ঢাকা তাকে ফেরত দেওয়ার দাবি জানায়। ভারতের সংসদে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে, তবে ভারত তখনো ঢাকাকে কোনো জবাব দেয়নি। ভারতের এই অবস্থান পরবর্তী সময়েও বহাল থাকে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল গত ১৪ জুলাই সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আইনগত প্রক্রিয়াতেই এর নিষ্পত্তি হবে। ১৭ জুলাইও তিনি জানান, ঢাকার অনুরোধ সংশ্লিষ্ট আইন ও বিচারিক প্রক্রিয়ার আলোকে বিবেচনা করা হচ্ছে।
কিন্তু বিবিসি বাংলার আজকের প্রতিবেদনে দিল্লির কর্মকর্তাদের বরাত দিয়ে যে দুটি শর্তের কথা বলা হয়েছে, তা ভারতের প্রকাশ্য কূটনৈতিক অবস্থানের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার সম্ভাবনার বিষয়টি দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়ার সময় বাংলাদেশের সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজ ব্যবহৃত হয়েছিল। ভারত মনে করছে, তাকে দেশে ফেরানোর ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত। বাংলাদেশ সেনাবাহিনী দিল্লিতে সামরিক বিমান পাঠিয়ে তাকে নিয়ে যেতে পারে। অথবা দুই দেশের স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট স্থানে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে তাকে হস্তান্তর করা যেতে পারে।
এ ক্ষেত্রে ভারতীয় কর্মকর্তাদের বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, শেখ হাসিনাকে বন্দি হিসেবে প্রত্যর্পণ করার বিষয়টি তারা সমর্থন করতে চায় না। ভারতের বিবেচনায়, দীর্ঘদিনের মিত্র একজন সাবেক প্রধানমন্ত্রীকে সরাসরি গ্রেপ্তার অবস্থায় বাংলাদেশের হাতে তুলে দেওয়া হলে অন্য দেশগুলোর রাজনৈতিক নেতাদের কাছে ভুল বার্তা যেতে পারে। নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।
দ্বিতীয় শর্তটি আরও গুরুত্বপূর্ণ। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে দেশে ফেরার আগে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন করে বিচার পাওয়ার নিশ্চয়তা দিতে হবে। দিল্লির কর্মকর্তারা মনে করছেন, তাকে এমন পরিস্থিতিতে বাংলাদেশে পাঠানো যাবে না, যেখানে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আশঙ্কা থাকবে।
বিবিসি বাংলাকে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ভারত কখনোই জেনেশুনে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারে না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটি নিশ্চিত করতে চায় ভারত। ওই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারির মধ্যেও থাকা উচিত।
তবে ভারতের এই শর্ত বাংলাদেশের বিচারব্যবস্থার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নও সামনে আনছে। কোনো মামলায় নতুন করে বিচার হবে কি না, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ কীভাবে নিশ্চিত হবে, তা বাংলাদেশের আদালত ও আইনগত কাঠামোর বিষয়। এ ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রের শর্ত আরোপের সুযোগ কতটা রয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠতে পারে।
দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আকস্মিকভাবে দিল্লি সফর করেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গেও বৈঠক করেন।
বিবিসি বাংলাকে ভারতের একটি শীর্ষ সামরিক সূত্রের বক্তব্য ছিল, বিশেষ কোনো পরিস্থিতি না থাকলে বাংলাদেশের হাইকমিশনারের ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের প্রয়োজন হওয়ার কথা নয়। সূত্রটি শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা নিশ্চিত করার বিষয়টিকে ওই বৈঠকের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছে।
বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভারতের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের নিয়মিত যোগাযোগ থাকার বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ভারত চাইছে, শেখ হাসিনা দেশে ফিরলে তার নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনী গ্রহণ করুক। অর্থাৎ প্রত্যাবর্তনের প্রক্রিয়ায় রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক পর্যায়ের সমন্বয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের সময়ও দেশের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। গণ-অভ্যুত্থানের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর সেনাবাহিনীর সহযোগিতায় তিনি দেশ ছাড়েন। এবার দেশে ফেরার সম্ভাব্য ব্যবস্থাপনাতেও সেই বাহিনীকে যুক্ত করার যে কথা ভারতের সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তা ঘটনাটিকে নতুন মাত্রা দিয়েছে।
তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দিল্লির এই তৎপরতার পেছনে কেবল প্রত্যর্পণ বা নিরাপত্তার প্রশ্নই নেই। এর সঙ্গে ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র আওয়ামী লীগের ভবিষ্যৎও জড়িত। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং তার দল আওয়ামী লীগের কার্যক্রম দেশে নিষিদ্ধ। দলটির শীর্ষ নেতাদের অনেকে কারাগারে, অনেকে আত্মগোপনে, আবার অনেকে দেশের বাইরে রয়েছেন।
আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থানের সম্ভাবনার সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সরাসরি সম্পর্কিত। বিবিসি বাংলার প্রতিবেদনে দিল্লির নীতিনির্ধারকদের মনোভাব তুলে ধরে বলা হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আবারও কার্যকর অবস্থানে দেখতে চায় ভারত। শেখ হাসিনার দেশে ফেরা ছাড়া দলটির রাজনৈতিক পুনরুজ্জীবনের পথও কঠিন বলে মনে করছে দিল্লি।
এ কারণে শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাকে আশ্রয় দেওয়া, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধে সিদ্ধান্ত না জানানো এবং দিল্লিতে তার রাজনৈতিক বক্তব্য ও দলীয় তৎপরতা নিয়ে তৈরি হওয়া বিতর্ক—সব মিলিয়ে ভারতের অবস্থান আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল বলেই প্রতীয়মান হয়েছে। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের পক্ষে কোনো ঘোষণা দেয়নি।
ভারতের এই অবস্থানের পাশাপাশি বাংলাদেশের বর্তমান সরকারের রাজনৈতিক হিসাবও সামনে এসেছে। শেখ হাসিনা দেশে ফিরলে কী পরিস্থিতি তৈরি হতে পারে, তা নিয়ে আজ বৃহস্পতিবার ইংরেজি পত্রিকা ডেইলি স্টার-এ প্রকাশিত সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটি কলাম বিশেষ গুরুত্ব পেয়েছে। ‘হোয়াই ঢাকা ডাজ়ন্ট ওয়ান্ট হাসিনা ব্যাক’ শিরোনামের ওই লেখায় তিনি ব্যাখ্যা করেছেন, কেন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রকাশ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেও বাস্তবে তার দেশে ফেরার বিষয়টি নিয়ে অস্বস্তিতে থাকতে পারে।
বার্গম্যানের যুক্তি, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা তার নিজের জন্য একটি কার্যকর রাজনৈতিক কৌশল। এতে তিনি আবার বাংলাদেশের রাজনীতির আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। কারাবরণ, এমনকি মৃত্যুদণ্ডের ঝুঁকি নিয়েও দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করায় তার সমর্থকেরা তাকে সাহসী ও আত্মত্যাগী নেতা হিসেবে তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক তুলনা করার সুযোগও তৈরি হচ্ছে। বার্গম্যান লিখেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমান দেশে ফিরে গ্রেপ্তার ও কারাবরণের ঝুঁকি নেননি। তিনি দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে ছিলেন। তার অনুপস্থিতিতে আওয়ামী লীগ সরকারের আমলে আদালতের রায়ে তার সাজা হয়েছিল। পরে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। শেখ হাসিনার সমর্থকেরা এখন তার দেশে ফেরার ঘোষণাকে তারেক রহমানের অতীত অবস্থানের সঙ্গে তুলনা করছেন।
বার্গম্যানের মতে, শেখ হাসিনা দেশে ফেরার সিদ্ধান্তের পেছনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি সহমর্মিতা দেখানোর বিষয়টিও তুলে ধরছেন। তার বক্তব্য, দলটির নেতা-কর্মীদের ওপর নিপীড়ন ও অধিকার লঙ্ঘনের অভিযোগের মধ্যে তাদের পাশে দাঁড়াতেই তিনি দেশে ফিরতে চান। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতে হওয়া বিচার এবং মৃত্যুদণ্ডের রায়কে আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি আলোচনায় আনার সুযোগ তৈরি হবে।
বার্গম্যানের বিশ্লেষণে তারেক রহমান সরকারের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো, শেখ হাসিনাকে দেশে ফিরতে দিলে এক ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হলে দেশ-বিদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ভারত, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন দেশের পক্ষ থেকে চাপ আসতে পারে। অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি নিয়েও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে পারে।
অন্যদিকে মৃত্যুদণ্ড কার্যকর না করে তাকে কারাগারে রাখলেও সরকারের জন্য ঝুঁকি রয়েছে। বার্গম্যানের আশঙ্কা, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড না দেওয়ার প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নামতে পারেন। এতে সরকার বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার মুখে পড়তে পারে। তিনি পরিস্থিতিটিকে ‘শাহবাগ অন স্টেরয়েডস’ বলে বর্ণনা করেছেন। অর্থাৎ শাহবাগের আন্দোলনের চেয়েও বড় আকারের বিক্ষোভ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বার্গম্যানের মূল বক্তব্য, শেখ হাসিনা দিল্লিতে থাকলে তারেক রহমান সরকারের জন্য যে রাজনৈতিক ঝুঁকি তৈরি হয়, দেশে ফিরে গেলে তা অনেক বেশি জটিল হয়ে উঠতে পারে। তার ভাষায়, দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার চেয়ে বাংলাদেশে অবস্থানরত শেখ হাসিনা বর্তমান সরকারের জন্য বেশি বিপজ্জনক।
এই বিশ্লেষণে ভারতও একটি জটিল অবস্থানে রয়েছে। বার্গম্যানের মতে, শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরলে ভারতের জন্য প্রত্যর্পণের অনুরোধ নিষ্পত্তির একটি পথ তৈরি হতে পারে। এতে দীর্ঘদিনের মিত্রকে বন্দি হিসেবে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রয়োজন পড়বে না। কিন্তু বাংলাদেশ যদি তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চাওয়ার অবস্থানে অনড় থাকে, তাহলে চুক্তির বাইরে তাকে দেশে ফেরার সুযোগ করে দেওয়ার জন্য ভারতকে দায়ী করতে পারে ঢাকা।
বার্গম্যান আরও লিখেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে দিলে তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন—এমন পরিস্থিতিতে দীর্ঘদিনের মিত্রকে ভারতে আশ্রয় দেওয়ার পর তার সম্ভাব্য মৃত্যুদণ্ডের দিকে এগিয়ে যেতে দেওয়া ভারতের জন্যও রাজনৈতিক ও কূটনৈতিকভাবে কঠিন হবে।
তার কলামের আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, শেখ হাসিনার গত ৫ আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলন দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলেছে। ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের পর তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতি বাধাগ্রস্ত হয়েছিল বলে তিনি উল্লেখ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এবং দেশটির পাকিস্তান ও চীনের দিকে কূটনৈতিক ঝোঁক কমাতে আগ্রহী। এ অবস্থায় শেখ হাসিনার উপস্থিতি দিল্লির জন্যও কূটনৈতিক চাপ তৈরি করছে।
বার্গম্যানের উপসংহার আরও তাৎপর্যপূর্ণ। তার মতে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রকাশ্য মতপার্থক্য থাকলেও বাস্তবে দুই দেশের বর্তমান সরকারের স্বার্থের মধ্যে একটি মিল তৈরি হয়েছে। ঢাকা তাকে দেশে ফিরতে দিতে চায় না, আর দিল্লিও তাকে এমনভাবে বিদায় করতে চায় না, যাতে দীর্ঘদিনের মিত্রের মৃত্যুদণ্ড কার্যকরের দায় ভারতের ওপর এসে পড়ে। বাংলাদেশের সরকার তার নতুন পাসপোর্ট ও ভ্রমণ নথির আবেদন নাকচ করে দেওয়ায় ভারতও তাকে নিজের দেশে রেখে দেওয়ার একটি যুক্তি পাচ্ছে।
এর আগে ১৬ আগস্ট ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছিল, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে। ভারতের কর্মকর্তারা তখন বলেছিলেন, প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত দেশটির আদালতের প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। আবার ১৯ আগস্ট একই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে এগোনোর ওপর ভারতের গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে আসে।
অন্যদিকে গত ২ সেপ্টেম্বর হিন্দুস্তান টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার সিদ্ধান্ত তার নিজের। তিনি নির্দিষ্ট দিন, সময় ও প্রবেশপথ পরে জানাবেন। তার দাবি, দেশে ফেরার সিদ্ধান্ত ক্ষমতায় ফিরে যাওয়ার জন্য নয়, বরং দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
কিন্তু ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন নাকচ হওয়ার পর তার দেশে ফেরার প্রস্তুতি আরও জটিল হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আবেদনটির আইনগত ভিত্তি পরীক্ষা করা হয়েছে। সরকার তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চাওয়ার অবস্থানেই রয়েছে। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরও জানিয়েছেন, ভারত থেকে তাকে ফেরত আনার বিষয়ে সরকার কূটনৈতিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করবে।
সব মিলিয়ে শেখ হাসিনার ডিসেম্বরের প্রত্যাবর্তন নিয়ে তিনটি পক্ষের তিন ধরনের হিসাব সামনে এসেছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশে ফেরার ঘোষণার মাধ্যমে রাজনৈতিকভাবে নিজেদের প্রাসঙ্গিকতা বাড়াতে চাইছে। ভারত একদিকে দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনা ও আওয়ামী লীগের পাশে থাকার অবস্থান ধরে রাখতে চায়, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতিও এড়াতে চায়। আর তারেক রহমানের সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি করলেও তার দেশে ফেরার পর সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক চাপের হিসাব করছে।
বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লিখিত সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা তাই আপাতদৃষ্টিতে একটি কূটনৈতিক সমাধানের পথ হলেও এর বাস্তবায়ন নির্ভর করছে বাংলাদেশের সরকারের সম্মতি, সেনাবাহিনীর ভূমিকা, বিচারপ্রক্রিয়ার নিশ্চয়তা এবং ভারতের সিদ্ধান্তের ওপর। আগামী ডিসেম্বরের মধ্যে এসব বিষয়ে সমঝোতা না হলে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কতটা, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে।
খবরটি শেয়ার করুন