ছবি: সংগৃহীত
নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশকদের সংগঠন অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)-এর কার্যনির্বাহী পরিষদের একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাক্ষাৎ করেন। এ সময় সাংবাদিকতা বিষয়ে আলোচনা হয়।
এ সময় অনলাইন নিউজপোর্টালগুলোর পক্ষ থেকে বিজ্ঞাপন, সরকারি ক্রোড়পত্রের ডিজিটাল সংস্করণ, নিউজপোর্টালের অডিট ও নিবন্ধন নবায়ন ফি বাতিলসহ বেশ কিছু দাবি উত্থাপন করা হয়।
এসব দাবির অধিকাংশই যৌক্তিক মন্তব্য করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকারের পক্ষে সব দাবি একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে সরকার অনলাইন গণমাধ্যমকে সহযোগিতা করতে চায়।
তিনি জানান, অনলাইন সংবাদমাধ্যমের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও পর্যায়ক্রমে মতবিনিময় করা হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট উপদেষ্টাকে নিয়ে এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।
সভায় ওনাব সভাপতি মোস্তফা কামাল মজুমদারের নেতৃত্বে আরও অংশগ্রহণ করেন সমিতির সহসভাপতি মো. লতিফুল বারী হামিম, সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হুদা রনো, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল কবির আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সজীব, দপ্তর সম্পাদক খোকন কুমার রায়, সিনিয়র কার্যনির্বাহী সদস্য শাহীন চৌধুরী, তৌহিদুল ইসলাম মিন্টু, সৈয়দ আরিফুজ্জামান, মহসিন হোসেন ও মাহবুবা ইসলাম কাকলিসহ অনেকে।
সভার শুরুতে পরিচিতি শেষে শুভেচ্ছা বক্তব্যে ওনাব সভাপতি কামাল মজুমদার বলেন, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার এবং সরকারি বিজ্ঞাপন পাচ্ছে না। এ ছাড়া প্রতিবছর নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন নবায়নের পদ্ধতি বাতিল করার প্রস্তাব করেন।
ওনাব সাধারণ সম্পাদক রনো নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর বিষয়ে জাতীয় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের তাগিদ দেন। তিনি বলেন, রাষ্ট্রের উন্নয়ন সহযোগী হিসেবে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সত্য তথ্য পরিবেশনের মাধ্যমে পেশাদারত্ব বজায় রাখছে।
সিনিয়র সদস্য শাহীন চৌধুরী গুজব ও অপপ্রচার রোধে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সিনিয়র সহসভাপতি লতিফুল বারী হামিম অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধনের ক্ষেত্রে নামের ছাড়পত্র পদ্ধতি চালুর আহ্বান জানান। আলোচনায় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল কবির আসিফ অনিবন্ধিত ও নামসর্বস্ব নিউজ পোর্টালগুলোকে নীতিমালার আওতায় আনার দাবি জানান।
আলোচনা শেষে প্রতিমন্ত্রী উত্থাপিত দাবি-দাওয়াগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে শিগগিরই পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান। তিনি গুজব ও অপপ্রচার রোধে এবং সংবাদ পরিবেশনায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সচেতন হওয়ার তাগিদ দেন।
প্রতিমন্ত্রী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রের কল্যাণে এবং গণতন্ত্র সুসংহত করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোর মান ও পেশাগত মানদণ্ড বজায় রাখার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, ‘সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার অর্জনে দেশের মানুষের আত্মত্যাগের বিষয়টি বিবেচনায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে।’
খবরটি শেয়ার করুন