ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীতে বেসরকারি চ্যানেল বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে ২১ নভেম্বর, যে ঘটনা ঘটেছে, তা শুধু একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিরোধ নয়। চাকরি ছাড়ার নির্দেশকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কার্যালয়ে প্রবেশ, পাল্টাপাল্টি অভিযোগ, হট্টগোল, হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতি আবারও সামনে এনেছে গণমাধ্যমের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রশ্ন। অভিযোগের তির স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের দিকে। ঘটনার সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদেরও সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
শনিবার বেলা তিনটার দিকে মহাখালীর ওয়্যারলেস এলাকায় বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে উত্তেজনার সূত্রপাত। প্রতিষ্ঠানের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধান এইচ এম নাহিয়ানকে চাকরি ছাড়তে বলেন ডিএমডি টিপু আলম মিলন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। বৈশাখী টেলিভিশনের একাধিক কর্মীর ভাষ্য, এই বিরোধের পর নাহিয়ানের সঙ্গে যোগাযোগ করে একদল বহিরাগত ব্যক্তি কার্যালয়ে আসেন। তাদের মধ্যে রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত স্বেচ্ছাসেবক দলের বনানী থানা সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু পরে সুখবর ডটকমকে ডটকমকে জানান, তিনি দুপুর দুইটার দিকে টেলিভিশন কার্যালয়ের সামনে যান। তার অভিযোগ, টিপু আলম মিলন অনলাইন বিভাগের প্রধান নাহিয়ানকে পদত্যাগ করতে বলেছিলেন এবং তার গায়ে হাত তুলেছিলেন। বিষয়টি জানতে পেরে তারা সেখানে যান। মিশু নিজেই স্বীকার করেছেন, তার নেতৃত্বে একদল নেতা-কর্মী প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করেছিলেন।
মিশুর বক্তব্য অনুযায়ী, তারা টিপু আলম মিলনকে পুলিশের কাছে যেতে বলেছিলেন। তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টিও তারা জানতেন। তবে কার্যালয়ে প্রবেশের পর দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, টেলিভিশনটির কর্মীরা শাটার বন্ধ করে তাদের পাঁচজনকে মারধর করেছেন। অন্যদিকে বৈশাখী টেলিভিশনের কর্মীরা অভিযোগ করেছেন, বহিরাগত ব্যক্তিরা তাদের কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং ডিএমডিকে তুলে নেওয়ার চেষ্টা করেন।
বৈশাখী টেলিভিশনের অনলাইন বিভাগের প্রধান নাহিয়ান অবশ্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ডেকে আনার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, চাকরি ছাড়ার বিষয়ে কথা বলতে তিনি মানবসম্পদ বিভাগে গিয়েছিলেন। এর পাঁচ মিনিটের মধ্যেই হামলার ঘটনা ঘটে। এর সঙ্গে তার কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীর যোগাযোগ নেই বলেও দাবি করেন তিনি। অর্থাৎ, ঘটনাটির সূত্রপাত নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট বিরোধ রয়েছে।
বিকেল চারটার দিকে বৈশাখী টেলিভিশনের নিজস্ব ফেসবুক পাতা থেকে সরাসরি সম্প্রচার করে প্রতিষ্ঠানটির কর্মীরা হামলা ও মবের অভিযোগ তোলেন। প্রায় সোয়া চার মিনিটের ওই সম্প্রচারে একজন কর্মীকে বলতে শোনা যায়, তাদের উপব্যবস্থাপনা পরিচালককে দুর্বৃত্তরা তুলে নিয়ে গিয়েছিল। পরে কর্মীরা তাকে উদ্ধার করে ভবনের ওপরের তলায় নিয়ে আসেন। নিচে তখনো লোকজন অবস্থান করছিল এবং প্রধান ফটক ভাঙার চেষ্টা করছিল বলে অভিযোগ করা হয়। কয়েকজন কর্মী আহত হয়েছেন এবং তারা ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন বলেও দাবি করা হয়।
তবে ঘটনার পর স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান মিশুর বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। তিনি শুধু ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেননি, নিজের নেতৃত্বে নেতা-কর্মীদের প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশের কথাও জানিয়েছেন। ফলে কারা সেখানে গিয়েছিলেন, কোন সাংগঠনিক পরিচয়ে গিয়েছিলেন এবং তাদের প্রবেশের উদ্দেশ্য কী ছিল, তা তদন্তের মাধ্যমে পরিষ্কার করা জরুরি।
কোনো প্রতিষ্ঠানের চাকরিসংক্রান্ত বিরোধে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের হস্তক্ষেপের এখতিয়ার নেই। বিষয়টি তাই কেবল অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা নয়, একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের স্বাধীন ব্যবস্থাপনায় সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনাও।
এদিকে বনানী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিপু আলম মিলনকে হেফাজতে নেয়। পুলিশের বক্তব্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের একটি মামলায় তিনি আসামি। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান সুখবর ডটকমকে বলেন, ওই মামলার আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ সেখানে গিয়েছিল। সেখানে মবের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, মবের কোনো সুযোগ নেই, মামলার আসামিকে গ্রেপ্তার করা হবে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিনও টিপু আলম মিলনকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে পুলিশের এই বক্তব্যের সঙ্গে প্রতিষ্ঠানের কর্মীদের অভিযোগের একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। কর্মীরা বলছেন, বহিরাগতরা ডিএমডিকে তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন; পুলিশ বলছে, তার বিরুদ্ধে থাকা মামলায় গ্রেপ্তারের জন্যই তাকে নেওয়া হয়েছে। ফলে কার্যালয়ে প্রবেশকারী ব্যক্তিদের ভূমিকা এবং পুলিশের অভিযান—দুটি বিষয় আলাদাভাবে তদন্ত করা প্রয়োজন। কোনো মামলার আসামি হলেও তাকে গ্রেপ্তারের দায়িত্ব পুলিশের, রাজনৈতিক দলের কোনো নেতা-কর্মীর নয়।
বৈশাখী টেলিভিশনের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন দেশের গণমাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তার, সম্পাদক ও বার্তা প্রধান পরিবর্তন এবং সাংবাদিকদের চাকরিচ্যুতির অভিযোগ নিয়ে উদ্বেগ বাড়ছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গণমাধ্যমের মালিকানা, ব্যবস্থাপনা ও সম্পাদকীয় নেতৃত্বে ব্যাপক পরিবর্তন ঘটে।
পরিবর্তনের পেছনে রাজনৈতিক চাপ ও বিভিন্ন গোষ্ঠীর প্রভাবের অভিযোগও সামনে আসে। একাধিক প্রতিষ্ঠানে শীর্ষ পদে থাকা সাংবাদিকদের সরিয়ে নতুন ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার ঘটনা ঘটে। কোথাও পদত্যাগ, কোথাও বরখাস্ত, আবার কোথাও চাকরিচ্যুতির মাধ্যমে এসব পরিবর্তন হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ২০২৫ সালের ৯ ডিসেম্বর প্রকাশিত এক বিশ্লেষণে এ পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরা হয়। সংস্থাটির হিসাবে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত ১৫ মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৭৬টি ঘটনায় অন্তত ১ হাজার ৭৩ জন গণমাধ্যমকর্মী হামলা, মামলা, হত্যা, হুমকি, হয়রানি, আটক, চাকরিচ্যুতি কিংবা অন্যান্য নিপীড়নের শিকার হয়েছেন।
এ সময় ২৫৯টি ঘটনায় ৪৫৯ জন গণমাধ্যমকর্মী হামলার শিকার হন। ৮৯টি ঘটনায় ৯৯ জনকে হুমকি দেওয়া হয়। ১৯টি ঘটনায় অন্তত ২৭ জনকে আটক করা হয়। ছয়জন সাংবাদিক হত্যার শিকার হন। পাঁচটি ঘটনায় ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত, দায়িত্ব থেকে অব্যাহতি কিংবা বরখাস্ত করা হয়।
টিআইবির ওই বিশ্লেষণে আরও বলা হয়, ৫ আগস্টের পর অন্তত আটটি সংবাদপত্রের সম্পাদক এবং ১১টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধানকে বরখাস্ত করা হয়েছে অথবা পদত্যাগে বাধ্য করা হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, অন্তত ২৯টি গণমাধ্যমের শীর্ষ পদে রদবদল এবং একটি অনলাইন পোর্টালের মালিকানায় পরিবর্তন এসেছে। অনেক ক্ষেত্রে এসব পরিবর্তন স্বচ্ছ প্রক্রিয়ায় হয়নি।
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান, দৈনিক জনকণ্ঠ, একাত্তর টেলিভিশন, ডিবিসি ও সময় টেলিভিশনেও ব্যবস্থাপনা পর্ষদ, সম্পাদক, প্রধান বার্তা সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের কথা উঠে এসেছে। টিআইবির পর্যবেক্ষণ অনুযায়ী, এসব পরিবর্তনের পর বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে সাংবাদিকদের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর প্রবণতাও দেখা গেছে।
গণমাধ্যমের ওপর রাজনৈতিক প্রভাবের এই ধারাবাহিকতার মধ্যে ডিবিসি নিউজের সাম্প্রতিক ঘটনাও বিশেষভাবে আলোচনায় এসেছে। ৪ নভেম্বর রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে গোয়েন্দা পুলিশ আটক করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও হেফাজতে নেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে প্রথমে একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির কথা বলা হলেও সেই পরিস্থিতির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। পরে ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনের সময় মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
৫ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২১ নভেম্বর পর্যন্ত পাওয়া সংবাদ অনুযায়ী, তিনি কারাগারেই রয়েছেন। তার আইনজীবী আদালতে জামিনের আবেদন না করে সুচিকিৎসা ও কারা বিভাগের আবেদন করেছিলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ইউনেসকোর যৌথ মূল্যায়নেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত বছরের জুলাইয়ে প্রকাশিত দেশের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে ওই মূল্যায়নে বলা হয়, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাংবাদিকেরা এখনো হয়রানি, চাকরির অনিশ্চয়তা ও সম্পাদকীয় হস্তক্ষেপের মুখে রয়েছেন। নতুন রাজনৈতিক শক্তিগুলোর পক্ষ থেকেও গণমাধ্যমের ওপর নতুন চাপ তৈরি হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা, অতীতের অপরাধের বিচার এবং স্বাধীন সম্পাদকীয় পরিবেশ নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা এখনো দুর্বল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এই পরিস্থিতিতে বৈশাখী টেলিভিশনের ঘটনা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। একটি গণমাধ্যম প্রতিষ্ঠানে চাকরি নিয়ে বিরোধ দেখা দিলে সেখানে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা কেন যাবেন? কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করার অভিযোগ থাকলে তার প্রতিকার প্রতিষ্ঠানের নিয়ম, শ্রম আইন ও আদালতের মাধ্যমে হওয়ার কথা।
সেখানে দলীয় পরিচয়ে একদল লোক কার্যালয়ে প্রবেশ করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করলে সেটি কীভাবে গণমাধ্যমের স্বাধীন কর্মপরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়? আবার কোনো কর্মকর্তার বিরুদ্ধে মামলা থাকলে তাকে গ্রেপ্তারের নামে কার্যালয়ে সংঘটিত অন্য অভিযোগগুলো তদন্তের বাইরে রাখা যায় কি না, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন।
গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের কার্যালয় রাজনৈতিক দলের শক্তি প্রদর্শনের জায়গা হতে পারে না। সাংবাদিকের নিয়োগ, পদত্যাগ, চাকরিচ্যুতি কিংবা সম্পাদকীয় সিদ্ধান্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নির্ধারণ করবেন—এমন ব্যবস্থা গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ধারণার সঙ্গে সাংঘর্ষিক। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার নিষ্পত্তি হবে আইন ও যথাযথ তদন্তের মাধ্যমে। রাজনৈতিক পরিচয়, জনতার চাপ কিংবা সংঘবদ্ধ উপস্থিতি দিয়ে কারও অধিকার নির্ধারণ করা যাবে না।
এ ধরনের ঘটনা সাংবাদিকদের মধ্যে ভীতি তৈরি করে। একজন সাংবাদিক যদি আশঙ্কা করেন, তার প্রতিবেদন, রাজনৈতিক পরিচয় সম্পর্কে অন্যের ধারণা কিংবা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিরোধের কারণে একদল লোক এসে তার কর্মস্থলে হামলা চালাতে পারে, তাহলে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ থাকে না। সম্পাদক ও সাংবাদিকেরা তখন সংবাদ প্রকাশের আগে রাজনৈতিক প্রতিক্রিয়ার কথা ভাবতে বাধ্য হন। এভাবেই সরাসরি সেন্সরশিপ ছাড়াও ভয়ের সংস্কৃতি তৈরি হয়, যা শেষ পর্যন্ত সংবাদমাধ্যমের স্বাধীনতাকে দুর্বল করে।
বৈশাখী টেলিভিশনের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান মিশুর নিজের বক্তব্যে তার নেতৃত্বে নেতা-কর্মীদের প্রবেশের বিষয়টি সামনে এসেছে। ফলে কারা নির্দেশ দিয়েছেন, কারা লোকজন জড়ো করেছেন, কারা কার্যালয়ে প্রবেশ করেছেন, ভাঙচুর বা মারধরের ঘটনা ঘটেছে কি না এবং কারা এর জন্য দায়ী—এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে বৈশাখী টেলিভিশনের কর্মীদের অভিযোগ, আহত হওয়ার দাবি এবং পুলিশের ভূমিকারও তদন্ত হওয়া উচিত।
২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, তার অন্যতম প্রত্যাশা ছিল ভয়মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ। সেই পরিবর্তনের পরও যদি পুরোনো কায়দায় রাজনৈতিক প্রভাব, দলীয় লোকজনের হস্তক্ষেপ, সম্পাদকীয় পদ দখল কিংবা কর্মস্থলে সংঘবদ্ধ চাপ প্রয়োগের ঘটনা চলতে থাকে, তাহলে পরিবর্তনের মূল প্রত্যাশাই প্রশ্নের মুখে পড়বে।
ক্ষমতার পালাবদল ঘটলেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয় না। বরং ক্ষমতাসীন বা প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর বাইরে থেকে সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা দিতে হয়। বৈশাখী টেলিভিশনের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা তাই শুধু একটি প্রতিষ্ঠানের স্বার্থের বিষয় নয়; এটি দেশের সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্ন।
খবরটি শেয়ার করুন