মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

আমাদের একসঙ্গে ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, ভুটানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৫

#

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। আজ শনিবার (২২শে নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, পর্যটন, ইন্টারনেট সহযোগিতা, পরিবহন, স্বাস্থ্যসেবা, পরিবেশ, পানি সম্পদ, বিনিয়োগ এবং বিমান পরিবহনসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তৃত সব বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দুপুর ৩টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী তোবগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছান। এরপর দুই নেতা প্রথমে ৩০ মিনিটের একান্ত বৈঠক করেন এবং পরে প্রায় এক ঘণ্টার আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। খবর বাসসের।

ভুটানকে ‘বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু’ বলে উল্লেখ করে ড. ইউনূস বলেন, আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় ভুটান ঢাকার দৃষ্টিভঙ্গির একটি মূল অংশ। তিনি আরো বলেন, আমাদের ভবিষ্যৎ একই সুতোয় গাঁথার মতো। ভৌগলিক অবস্থান ও প্রকৃতি আমাদের এক করেছে। আমাদের নিয়তি ভবিষ্যৎকে একসঙ্গে নির্মাণ করা। এ সময় দুই দেশের যৌথ ইতিহাসও তুলে ধরেন তিনি।

জবাবে প্রধানমন্ত্রী তোবগে বলেন, ভুটান ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও চমৎকার সম্পর্ক বিদ্যমান। তিনি বাংলাদেশকে ভুটানের ‘আধ্যাত্মিক ঐতিহ্যের উৎস’ হিসেবে উল্লেখ করে জানান, মধ্যযুগে বাংলার ভিক্ষুরা বৌদ্ধধর্ম হিমালয় এলাকায় নিয়ে গিয়েছিলেন।

তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরো গভীর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বলেন, আমাদের যদি উন্নতি করতে হয়, তবে আমাদের একসঙ্গে উন্নতি করতে হবে।

এ সময় উভয়পক্ষ দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেছে। বাংলাদেশ ও ভুটান ২০২০ সালে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে।

প্রধানমন্ত্রী তোবগে বলেন, থিম্পু যত দ্রুত সম্ভব এফটিএ স্বাক্ষর করতে চায় এবং আশা করছে ভুটানই হবে বাংলাদেশের সঙ্গে প্রথম মুক্ত বাণিজ্য চুক্তিবদ্ধ দেশ। তিনি বলেন, এফটিএ দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াবে।

প্রধান উপদেষ্টা জানান, ভুটানের পণ্য পরিবহনকে বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং তিনি কর্মকর্তা-কর্মচারীদের ভুটানি কনটেইনার দ্রুত ছাড় করানোর নির্দেশ দিয়েছেন।

দুই দেশ পারস্পরিক পর্যটন শিল্পের উন্নয়নে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয়। বাংলার বৌদ্ধ ভিক্ষুদের অবদান স্মরণ করে ড. ইউনূস বলেন, তিনি আশা করেন আরও বেশি ভুটানি পর্যটক বাংলাদেশে এসে বৌদ্ধ ঐতিহ্য অন্বেষণ করবেন।

প্রধান উপদেষ্টা আরো জানান, সরকার নীলফামারীতে এক হাজার শয্যার হাসপাতাল এবং একটি মেডিকেল কলেজ নির্মাণ করছে। তিনি ভুটানের নাগরিকদের ভবিষ্যতে এই স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার সুযোগ গ্রহণের আমন্ত্রণ জানান।

আনুষ্ঠানিক বৈঠকের পর বাংলাদেশ ও ভুটান দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবা এবং আরেকটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ বাণিজ্য সংক্রান্ত। দুই দেশের শীর্ষ নেতারা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250