শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

#

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতাদের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল হয়নি। তবে দিল্লিতে মুখোমুখি বৈঠকের পরিবর্তে আজ শুক্রবার রাতে অনলাইনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাত ৯টায় বৈঠক শুরু হওয়ার কথা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে থাকা নেতারাও যাতে বৈঠকে যুক্ত হতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে রাতের সময় নির্ধারণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে শেখ হাসিনার দিল্লির বাসভবনে বৈঠকটি হওয়ার কথা ছিল। দলটির কেন্দ্রীয় নেতৃত্বের প্রায় ২৫ নেতার সেখানে উপস্থিত থাকার কথা ছিল। বৈঠকে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সময়, ফেরার পথ এবং আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।

দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা এবং তার ব্যক্তিগত চিকিৎসকেরা দিল্লির বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির কথা বিবেচনা করে মুখোমুখি বৈঠল না করার পরামর্শ দিয়েছেন। দিল্লিতে ডেঙ্গুর পাশাপাশি সোয়াইন ফ্লুর সংক্রমণ নিয়েও উদ্বেগ রয়েছে। শেখ হাসিনার বয়স ও দীর্ঘ সময় ধরে বৈঠক চলার সম্ভাবনা বিবেচনায় নিয়ে চিকিৎসকেরা এই পরামর্শ দিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে বৈঠক অনলাইনে করার পেছনে শুধু স্বাস্থ্যগত কারণই নয়, সাংগঠনিক বিষয়ও রয়েছে। ভারতের বাইরে অবস্থান করা আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা দিল্লিতে গিয়ে বৈঠকে অংশ নিতে পারতেন না। অনলাইনে বৈঠক হওয়ায় তারাও এতে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।

এদিকে বৈঠককে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলের একটি অংশ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ভবিষ্যতে দলের শীর্ষ নেতৃত্বে দেখতে চায় বলে দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে।

দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী, জয় ও পুতুলের শুক্রবারের বৈঠকে অংশ নেওয়ার সুযোগ নেই। কারণ তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের অংশ নন। তবে দলীয় সভাপতি হিসেবে শেখ হাসিনা চাইলে বিশেষ পরিস্থিতিতে তাদের বৈঠকে আমন্ত্রণ জানাতে পারেন। ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটির বাইরে থাকা কয়েকজন নেতাকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই আওয়ামী লীগের মধ্যে জয়কে সক্রিয় রাজনীতিতে আনার দাবি জোরালো হয়েছে। জয় বর্তমানে আওয়ামী লীগের রংপুর এলাকার একজন সাধারণ সদস্য। শেখ হাসিনা সরকারের সময় তিনি প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দিয়ে আওয়ামী লীগের অবস্থান তুলে ধরেছেন।

অন্যদিকে সায়মা ওয়াজেদ পুতুল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেননি। রাজনৈতিক কর্মকাণ্ডেও তাকে সক্রিয়ভাবে দেখা যায়নি। তিনি অটিজমবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি ওই পদ থেকে তার পদত্যাগের পর আওয়ামী লীগের রাজনীতিতে তার সম্ভাব্য ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের মধ্যে একটি অলিখিত ধারণা রয়েছে যে শেখ হাসিনার পর সজীব ওয়াজেদ জয় দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে আসতে পারেন। তবে শেখ হাসিনা নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগ পারিবারিক দল নয়। জয় ও পুতুলকে নেতৃত্বে আসতে হলে দলীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে।

২০২৪ সালের রাজনৈতিক বিপর্যয়ের পর আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে দলের ভেতরে নানা আলোচনা চলছে। দলের কয়েক নেতা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে জয় ও পুতুলের সক্রিয় হওয়া প্রয়োজন। তাদের মতে, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সমন্বয় এবং দলীয় কর্মকাণ্ডে নতুন প্রজন্মের অংশগ্রহণের জন্য তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

আজকের অনলাইন বৈঠকে শেখ হাসিনার সঙ্গে কেন্দ্রীয় নেতাদের আলোচনায় দলটির সাংগঠনিক ভবিষ্যৎ, দেশে ফেরার প্রস্তুতি এবং নেতৃত্বের প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে জয় ও পুতুল বৈঠকে সরাসরি অংশ নেবেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রতিবেদনে দেওয়া হয়নি।

দ্য ওয়ালের প্রতিবেদনে একই সঙ্গে বলা হয়েছে, শেখ হাসিনার দিল্লির বৈঠক বাতিল হয়েছে—এমন খবরকে আওয়ামী লীগের পক্ষ থেকে গুজব হিসেবে বর্ণনা করা হয়েছে। বৈঠক বাতিলের পরিবর্তে স্থান ও পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে শুক্রবার রাত ৯টায় অনলাইনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

শেখ হাসিনা আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250