ছবি: সংগৃহীত
গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয় কিংবদন্তি সাবেক ফুটবলার কায়সার হামিদের মেয়ে, কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে। ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মেয়ের স্মরণে শৈশবের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। মেয়ে কারিনাকে স্মরণ করে তিনি লিখেছেন, “কারিনা, দিন যাবে, বছর যাবে—একসময় সবাই তোমাকে ভুলে যেতে পারে। কিন্তু তোমার বাবার বুকে তুমি চিরদিন থাকবে।”
তিনি আরও উল্লেখ করেন, ১৯৯৪ সালে কারিনার মা লোপা ছবিটি তুলেছিলেন। পোস্টের শেষে তিনি লেখেন, “আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক, আমিন।”
কারিনা কায়সার দীর্ঘদিন ধরে লিভারজনিত গুরুতর জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেলোরে নেওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য, ‘এ’ লেভেল সম্পন্ন করে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিলেন কারিনা কায়সার। দেশে ফিরে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পান। তিনি শুধু একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরই ছিলেন না, বরং একাধারে দক্ষ চিত্রনাট্যকার ও অভিনেত্রী হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন।
সাম্প্রতিক সময়ে অভিনয়ে নিয়মিত হচ্ছিলেন তিনি। হাসিখুশি ও প্রাণবন্ত এ তরুণী অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়েও ব্যস্ত ছিলেন। ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’-এ তার কাজ বেশ প্রশংসিত হয়েছিল।
খবরটি শেয়ার করুন