দেশের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন বাজারে এনেছে ‘য্যানন’ সিরিজের নতুন ৫জি স্মার্টফোন ‘য্যানন এক্স২২ ৫জি’। সাশ্রয়ী মূল্যের এই স্মার্টফোনে আধুনিক প্রযুক্তির বিভিন্ন ফিচার সংযোজন করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ওয়ালটন মোবাইল সূত্রে জানা গেছে, নতুন ফোনটিতে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসটিতে রয়েছে ১৬ জিবি পর্যন্ত র্যাপিড মেমোরি সুবিধা এবং ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৫১২ গিগাবাইট পর্যন্ত সম্প্রসারণ করা যাবে।
ফোনটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৮ ইঞ্চির ইউ-নচ আইপিএস ডিসপ্লে রয়েছে। এছাড়া ৬৩০ নিটস এইচবিএম ব্রাইটনেস সুবিধা থাকায় ভিডিও দেখা, গেম খেলা ও ইন্টারনেট ব্যবহারে উন্নত অভিজ্ঞতা পাওয়া যাবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৫২ সেন্সরযুক্ত প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের জন্য এতে ২কে ইআইএস সুবিধাও রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে রয়েছে ৬ হাজার এমএএইচ ক্ষমতার ব্যাটারি এবং ১৮ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং সুবিধা। এছাড়া আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, ডুয়াল মাইক অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাপ ক্লোন, হিডেন অ্যাপসসহ বিভিন্ন স্মার্ট ফিচার যুক্ত করা হয়েছে।
ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার আবু জাহিদ জানান, অবসিডিয়ান গ্রে ও জেনিথ গ্রিন—এই দুটি রঙে বাজারে আনা হয়েছে নতুন স্মার্টফোনটি। ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।
তিনি জানান, দেশের সব ওয়ালটন প্লাজা, নেক্সজি ব্র্যান্ডশপ, পরিবেশক শোরুম এবং বিভিন্ন মোবাইল রিটেইল আউটলেট থেকে ফোনটি কেনা যাবে। এছাড়া ওয়ালটনের অনলাইন প্ল্যাটফর্ম থেকেও ক্রেতারা স্মার্টফোনটি সংগ্রহ করতে পারবেন।
ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনের সঙ্গে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা এবং এক বছরের বিক্রয়োত্তর সেবা প্রদান করা হবে।
খবরটি শেয়ার করুন