সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের *** নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট *** ১৬ বছরের পথচলায় ইতি, বেলজিয়ামকে বিদায় লুকাকুর *** আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, জবিতে ৫ কর্মকর্তাকে ছাত্রদল-ছাত্রশক্তির মারধর *** শেখ হাসিনাকে ফেরানোর শর্ত নিয়ে প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি সানাউল্লাহ *** ‘নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই’ *** পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস, সফরের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা, আওয়ামী লীগের ‘ভিন্ন দাবি’ *** নিকারের সভায় নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন *** মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের খবরে ফতুল্লার এক কারখানায় কর্মবিরতি

নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

#

ছবি: রয়টার্স

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘সরকারপ্রধান হিসেবে আর এক মিনিটও থাকতে পারেন না’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পাওয়া নেতা গাদি আইসেনকট। নেতানিয়াহুর এক সহযোগীর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর এ মন্তব্য করেন তিনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে দুই নেতার প্রতিনিধিদের বৈঠকের কয়েক ঘণ্টা পরই নেতানিয়াহুর বিরুদ্ধে এমন মন্তব্য করেন আইসেনকট।

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইসেনকট বলেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠদের আচরণ ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।’

এর আগে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নরডেন পুলিশ কমিশনারের কার্যালয়ে ফোন করেন। তিনি আরব-ইসরায়েলি দল রাম পার্টির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ জানান।

চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, নরডেন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এমন এক ব্যক্তির যোগাযোগ করিয়ে দেন, যিনি আগে নেতানিয়াহুর কার্যালয়ে কাজ করতেন এবং গোয়েন্দা সূত্র হিসেবে পরিচিত ছিলেন। ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে রাম পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

নির্বাচনে আরব-ইসরায়েলি দলগুলো রেকর্ডসংখ্যক আসন পাওয়ার পর তাদের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তোলেন নেতানিয়াহু। তবে পুলিশ তদন্ত করে ওই গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্যের কোনো ভিত্তি পায়নি। পরে গ্রেপ্তার হওয়া তিনজনকে ছেড়ে দেওয়া হয়।

আইসেনকটের দলের এক বিবৃতিতে বলা হয়, রোববার তিনি এ ঘটনার অবিলম্বে তদন্ত শুরুর আহ্বান জানিয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর কার্যালয় চ্যানেল ১২-এর প্রতিবেদনকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে। তাদের বক্তব্য, ইদো নরডেন শুধু তার ‘নাগরিক দায়িত্ব পালন’ করেছেন।

অন্যদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টি আইসেনকটের বিরুদ্ধে ‘চরম উসকানি’ দেওয়ার অভিযোগ তুলেছে। দলটির এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী যখন ঐক্যের মানসিকতা নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, তখন আইসেনকট ও তার সহযোগীরা প্রতিদিন বিদ্বেষপূর্ণ ও উসকানিমূলক বিবৃতি দিয়ে যাচ্ছেন।’

বিরোধীদের অভিযোগ, ক্ষমতা ধরে রাখতে আরব দলগুলোকে লক্ষ্যবস্তু করছেন এবং নির্বাচনের ফলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা আইসেনকটের বিরোধী শিবির, কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

গত সপ্তাহে সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইসেনকটকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে প্রধান দুটি আরব দল জয়েন্ট লিস্ট ও রাম।

শনিবার নেতানিয়াহু ঐক্যের সরকারে যোগ দিতে আইসেনকটের প্রতি আহ্বান জানান। তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেন সাবেক এই সেনাপ্রধান। নেতানিয়াহুর বিরুদ্ধে ‘ছলচাতুরী’ ও উত্তেজনা ছড়ানোর অভিযোগও তোলেন তিনি।

বেনিয়ামিন নেতানিয়াহু গাদি আইসেনকট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250