মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

মাদুরোর সহকারীর নেতৃত্ব মানেন না মাচাদো, দেশে ফেরার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

অজ্ঞাত স্থান থেকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো জানান, তার নেতৃত্বাধীন আন্দোলন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হতে প্রস্তুত। তিনি দাবি করেন, ২০২৪ সালের নির্বাচনে তারা ‘প্রতারণামূলক পরিবেশেও’ বিপুল ব্যবধানে জয় পেয়েছিলেন। তিনি বলেন, ‘স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন হলে আমরা ৯০ শতাংশের বেশি ভোট পাব।’

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন মাচাদো এবং মাদুরোকে উৎখাতে তার ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান। অনেকেই ধারণা করেছিলেন, মাদুরো আটক হওয়ার পর মাচাদোই ভেনেজুয়েলার নেতৃত্ব নেবেন। কিন্তু ট্রাম্প প্রশাসন আপাতত মাচাদোকে পাশ কাটিয়ে মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সমর্থন দেয়।

তবে রদ্রিগেজকে ‘নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি ও মাদক পাচারের অন্যতম স্থপতি’ বলে আখ্যা দিয়েছেন মাচাদো। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক দিনগুলোতে দমন-পীড়ন আরও বেড়েছে।

৫৮ বছর বয়সী শিল্প প্রকৌশলী মাচাদো জানান, নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ঘোষণার দিন ১০ই অক্টোবরের পর তিনি ট্রাম্পের সঙ্গে আর কথা বলেননি। তবে তিনি বলেন, ভেনেজুয়েলার জনগণের পক্ষ থেকে ট্রাম্পের ‘সাহসী ও ঐতিহাসিক’ পদক্ষেপের জন্য তিনি কৃতজ্ঞ।

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, সিআইএর বিশ্লেষণের ভিত্তিতে ট্রাম্প মনে করেন, মাচাদো ও তার সমর্থিত প্রার্থী এদমুন্দো গনসালেস উরুতিয়া নিরাপত্তা বাহিনী ও বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীর বাধার মুখে বৈধতা সংকটে পড়তে পারেন। অন্যদিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাচাদো নোবেল পুরস্কার পাওয়ায় ট্রাম্প তার ওপর ব্যক্তিগতভাবে বিরক্তও হতে পারেন।

এদিকে মাদুরো আটক হওয়ার দিন জারি করা এক ডিক্রিতে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এতে সেনা মোতায়েন, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও তেল খাত সামরিক নিয়ন্ত্রণে নেওয়া এবং সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

গত সোমবার (৫ই জানুয়ারি) রাজধানী কারাকাসে অন্তত ১৪ জন সাংবাদিক আটক হন। একই রাতে প্রেসিডেনশিয়াল প্রাসাদের কাছে গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যা দেশটির চলমান অস্থিরতার গভীরতাই তুলে ধরছে।

মারিয়া কোরিনা মাচাদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250