মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ ২ বস্তু উদ্ধার, পেছনের গেট দিয়ে বের হলেন বিদ্যুৎমন্ত্রী *** আওয়ামী লীগের কেউ ‘অন্য কোনো ধরনের সভা-সমাবেশ’ করতে পারবেন না, তা কিন্তু নয়: তথ্য উপদেষ্টা *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন *** ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া *** স্বামীকে রাজনীতিতে বাধা দিলেও ছেলে রাহুলকে কেন দেননি সোনিয়া, জানালেন নিজেই *** ‘সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে’: অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** পরকীয়ার খবর প্রকাশের পর ৭৪০ কোটি ডলার হারালেন এনভিডিয়ার সিইও *** ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী *** জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

‘সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে’: অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সরকারের কিছুটা হলেও ব্যর্থতা রয়েছে বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে এ কথা বলেন তথ্য উপদেষ্টা।

জাহেদ উর রহমান বলেন, ‘জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারের। সেই দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের ঘটনা ঘটলে কেউ মনে করতেই পারেন, এখানে সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে। কারণ, সরকার এসব ঘটনা ঠেকাতে পারেনি। তবে সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে।’

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে এক সাংবাদিক বলেন, ‘গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নানা সহিংস ঘটনা ঘটছে। ফরিদপুরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় থাকা চালক জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। এর আগে একটি স্কুলবাসেও বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কী করছে?’

জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটলে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। আর একটি ঘটনায় একজন মানুষের মৃত্যুর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। কোনো কিছু হয়নি, এটা বলা সরকারের দিক থেকে ঠিক হবে না।’

সরকার দ্রুত এসব ঘটনা নিয়ন্ত্রণে আনবে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘যারা ককটেল বিস্ফোরণ ঘটাতে গেছে, তাদের অনেকে হাতেনাতে ধরা পড়েছে। তাদের বিচারের আওতায় আনা গেলে এ ধরনের প্রবণতা কমে আসবে।’

জনগণকে অযথা ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম এবং বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের সভা-সমাবেশ করার বিষয়ে প্রশ্ন করা হয়। বিশেষ করে লন্ডন থেকে দেশে এসে একজন সাবেক সংসদ সদস্য কীভাবে নিজ নির্বাচনী এলাকায় সভা করলেন এবং ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রসংগঠনের মিছিলের বিষয়ে গোয়েন্দাদের কাছে আগাম তথ্য ছিল কি না, তা জানতে চান একজন সাংবাদিক।

জবাবে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে আওয়ামী লীগ করেছেন বা দলটির সঙ্গে যুক্ত ছিলেন এমন প্রত্যেক ব্যক্তির অন্য কোনো সভা-সমাবেশে অংশ নেওয়ার ওপর স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা নেই। কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলে, তিনি কারাগারে না থাকলে কিংবা জামিনে থাকলে অন্য ধরনের সভা-সমাবেশ করতে পারবেন।

বিদেশ থেকে এসে আওয়ামী লীগের কর্মসূচি করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা যদি হয়, এটা অবশ্যই আইন ভঙ্গ হয়েছে এবং আমি নিশ্চিত করছি এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রসংগঠনের মিছিলসহ বিভিন্ন স্থানে হঠাৎ করে রাজনৈতিক কর্মসূচি ও সহিংসতার ঘটনায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এসব ঘটনাকে সরাসরি গোয়েন্দা ব্যর্থতা বলতে তিনি প্রস্তুত নন।

তিনি আরও বলেন, বাংলাদেশ অনেক বড় দেশ। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিদিন শত শত তথ্য আসে। এর মধ্যে কিছু ঘটনা হঠাৎ করে ঘটতে পারে। আবার অনেক ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগেই প্রতিহত করে, যেগুলো সব সময় জনসমক্ষে আসে না।

সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে ব্যর্থতা বলতে রাজি নন জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো বাহিনীর পারফরম্যান্স মূল্যায়ন করা ঠিক হবে না।

জাহেদ উর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ ২ বস্তু উদ্ধার, পেছনের গেট দিয়ে বের হলেন বিদ্যুৎমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের কেউ ‘অন্য কোনো ধরনের সভা-সমাবেশ’ করতে পারবেন না, তা কিন্তু নয়: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250