ছবি: সংগৃহীত
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সাত দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার আসামিদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শেরেবাংলা নগর থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
আজ সোমবার বেলা ২টা ২২ মিনিটে পুলিশের একটি গাড়িতে করে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে আদালতের হাজতখানায় আনা হয়। পরে তাদের আদালতে তোলা হয়।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি গাজী নজরুল ইসলামের। তিনি সেখানে তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন।
মরিয়মের মৃত্যুর ঘটনায় গতকাল গভীর রাতে তার বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, আজ সকালে মামলাটিতে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি ওবায়দুর রহমান পলাতক রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান আজ দুপুরে বলেন, গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।
আদালত সূত্র জানিয়েছে, মামলাটিতে জিজ্ঞাসাবাদের জন্য গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। এদিকে ময়নাতদন্ত শেষে মরিয়ম খাতুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
খবরটি শেয়ার করুন