ছবি: সংগৃহীত
হবিগঞ্জের লাখাই উপজেলার কাশিমপুর গ্রামে তিন বছর ধরে বিদেশে অবস্থানরত এক ব্যক্তির স্ত্রীর সন্তান প্রসবের ঘটনা কেন্দ্র করে আলোচনা এবং সমালোচনা সৃষ্টি হয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি অনুযায়ী, ওই নারী একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। তবে তিনি এবং তার পরিবার এ অভিযোগ অস্বীকার করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কাশিমপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন তিন বছরেরও বেশি সময় ধরে বিদেশে অবস্থান করছেন। এই সময়ে তার স্ত্রী খাদিজা (৩০) শ্বশুরবাড়িতে দুই সন্তান ও শ্বশুরের সঙ্গে বসবাস করেছেন।
স্থানীয়দের ভাষ্যে জানা যায়, গত ৯ জুলাই রাতে খাদিজার প্রসববেদনা উঠলে তার জা আক্তার বানু এবং প্রতিবেশী রুজি আক্তার ও ফাইজুন্নাহার সেখানে উপস্থিত হন। তারা দাবি করেন, ওই রাতে খাদিজা একটি ছেলে সন্তানের জন্ম দেন। পরে রাতের মধ্যে নবজাতককে সঙ্গে নিয়ে তিনি বাবার বাড়ি লাখাই উপজেলার নকলাউক গ্রামে চলে যান।
আক্তার বানু নামে এক নারী জানান, ঘরে ঢুকলে তিনি নবজাতকের কান্নার শব্দ শুনতে পান এবং একটি ছেলে সন্তান দেখতে পান। একই দাবি করেছেন প্রতিবেশী রুজি আক্তার ও ফাইজুন্নাহার। ফাইজুন্নাহার বলেন, তিনি নবজাতককে নিজের কোলে নিয়েছিলেন।
তবে খাদিজা সব অভিযোগ অস্বীকার করে জানান, তিনি কোনো সন্তানের জন্ম দেননি। দীর্ঘ কয়েক মাস শারীরিক সমস্যার কারণে একটি রক্তের পিণ্ড বের হয়েছে। তার বাবা ফজলুর রহমানও মেয়ের সন্তান প্রসবের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখনও তিনি সরেজমিনে বিষয়টি যাচাই করেননি। তাই এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করা তার পক্ষে সম্ভব নয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ আহমেদ গণমাধ্যমকে বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
খবরটি শেয়ার করুন