ছবি: সংগৃহীত
দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক মাত্রায় পৌঁছালেও পরিস্থিতিকে এখনো ‘স্বাস্থ্যের জরুরি অবস্থা’ হিসেবে দেখছে না সরকার। অন্যদিকে জনস্বাস্থ্যবিদ ও রোগতত্ত্ব বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করছেন, সংক্রমণের বর্তমান ধারা আর বিচ্ছিন্ন কোনো প্রাদুর্ভাব নয়; এটি কার্যত জাতীয় পর্যায়ের মহামারিসদৃশ সংকটে রূপ নিয়েছে।
তাদের মতে, রোগের বিস্তার, মৃত্যুহার এবং স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ—সব মিলিয়ে এখন জরুরি ভিত্তিতে সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও সাত শিশু। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৬৫ শিশু মারা গেছে এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৪৪ শিশুর।
সব মিলিয়ে দুই মাসের কম সময়ে প্রাণহানি দাঁড়িয়েছে ৪০৯ জনে। এই সময়ে প্রায় ৪৯ হাজার শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে প্রায় ৩৫ হাজারকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল অবশ্য পরিস্থিতিকে এখনো নিয়ন্ত্রণের বাইরে বলে মনে করছেন না। তিনি বলেছেন, মহামারি ঘোষণা করার মতো অবস্থা তৈরি হয়নি। তার দাবি, টিকাদান কর্মসূচির আওতায় ইতিমধ্যে ৯৬ শতাংশ শিশু এসেছে এবং যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেখানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসাসেবাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তবে মাঠপর্যায়ের পরিস্থিতি এবং সংক্রমণের বিস্তার নিয়ে ভিন্ন চিত্র তুলে ধরছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত মাসে জানিয়েছিল, দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। পরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, অন্তত ৬১ জেলায় সংক্রমণ রয়েছে।
গত শনিবার রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় জনস্বাস্থ্যবিদেরা দাবি করেন, এখন দেশের সব জেলাতেই কমবেশি হামের উপস্থিতি রয়েছে।
জনস্বাস্থ্যবিদদের মতে, রোগটির বিস্তার এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যা গত কয়েক বছরের স্বাভাবিক প্রবণতাকে অতিক্রম করেছে। তাদের ভাষ্য, কোনো রোগ নির্দিষ্ট সময়ের গড় সংক্রমণ হার ছাড়িয়ে দ্রুত ছড়িয়ে পড়লে সেটিকে মহামারি হিসেবে বিবেচনা করা হয়। সে হিসাবে দেশে বর্তমান পরিস্থিতি ‘এপিডেমিক’ বা মহামারির বৈশিষ্ট্য বহন করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, মহামারি ও স্বাস্থ্যগত জরুরি অবস্থা—দুটি ভিন্ন বিষয়। তার ভাষায়, মহামারি হলো রোগতাত্ত্বিক বাস্তবতা, আর জরুরি অবস্থা হলো প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত সিদ্ধান্ত।
তিনি বলেন, “গত পাঁচ বছরের গড় সংক্রমণের সঙ্গে তুলনা করলে এবারের পরিস্থিতি অনেক বেশি গুরুতর। রোগের বিস্তার, মৃত্যুহার এবং স্বাস্থ্যসেবার ওপর চাপ বিবেচনায় এটি মহামারির পর্যায়ে পড়ে।”
বিশেষজ্ঞদের মতে, মহামারি বা স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করা হলে সরকারি ব্যবস্থাপনা আরও দ্রুত সক্রিয় হয়। জরুরি তহবিল ব্যবহারের সুযোগ বাড়ে, দ্রুত ওষুধ ও টিকা সংগ্রহ করা যায় এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা সহজ হয়।
স্বাভাবিক সময়ে সরকারি ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করতে যে দীর্ঘ সময় লাগে, জরুরি পরিস্থিতিতে তা অনেক কমিয়ে আনা সম্ভব হয়। পাশাপাশি মাঠপর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন, সংক্রমণপ্রবণ এলাকায় নিবিড় নজরদারি এবং হাসপাতালগুলোতে অতিরিক্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি হয়।
বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, শুধু টিকাদান কর্মসূচি চালু থাকাই যথেষ্ট নয়; টিকার আওতার বাইরে থাকা শিশুদের দ্রুত শনাক্ত করা এবং প্রত্যন্ত এলাকায় পৌঁছানো জরুরি। তাদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত টিকাদান কার্যক্রমে কিছুটা শৈথিল্য তৈরি হয়েছে। কোভিড-১৯ মহামারির সময় অনেক শিশু নির্ধারিত সময়ে টিকা পায়নি। সেই ঘাটতির প্রভাব এখন সামনে আসছে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, দেশে এখনো স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণার একটি কার্যকর প্রশাসনিক সংস্কৃতি তৈরি হয়নি। তার মতে, কোভিড-১৯ মহামারির সময়ও সরকার নিজস্বভাবে মহামারি ঘোষণা না করে আন্তর্জাতিক ঘোষণার ওপর নির্ভর করেছিল।
তিনি বলেন, “সরকার অনেক সময় জনআতঙ্ক বা ভাবমূর্তির বিষয় বিবেচনা করে এমন ঘোষণা এড়িয়ে যেতে চায়। কিন্তু বাস্তব পরিস্থিতিকে অস্বীকার করলে সংক্রমণ কমে না।”
ডা. মুশতাক হোসেনের মতে, সময়মতো জরুরি অবস্থা ঘোষণা করা হলে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হতে পারত। এতে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা, টিকাদান সম্প্রসারণ এবং সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো সহজ হতো। তিনি বলেন, “যখন একটি রোগ দেশের প্রায় সব জেলায় ছড়িয়ে পড়ে এবং ধারাবাহিকভাবে শিশুমৃত্যু বাড়তে থাকে, তখন বিষয়টিকে শুধু রুটিন স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা কঠিন।”
বিশেষজ্ঞদের আরেকটি উদ্বেগ হলো, হামের মতো প্রতিরোধযোগ্য রোগে এত সংখ্যক শিশুর মৃত্যু স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দেয়। সাধারণত হামের টিকা অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয়। দুই ডোজ টিকা নিশ্চিত করা গেলে রোগটির বিস্তার উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
কিন্তু বাস্তবে এখনো এমন অনেক শিশু রয়েছে, যারা নিয়মিত টিকাদানের বাইরে থেকে যাচ্ছে। শহরের বস্তি, দুর্গম চরাঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এই ঝুঁকি বেশি।
হাম-রুবেলা নির্মূলবিষয়ক ন্যাশনাল ভেরিফিকেশন কমিটির চেয়ারম্যান এবং আইইডিসিআরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান মনে করেন, দেশে আইনি কাঠামো থাকলেও জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে কীভাবে প্রশাসনিক ব্যবস্থা কার্যকর হবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই।
তার ভাষায়, “সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আইন রয়েছে, কিন্তু জরুরি অবস্থায় কোন প্রতিষ্ঠান কী করবে, কীভাবে দ্রুত সম্পদ ব্যবহার হবে—এসব বিষয়ে সুস্পষ্ট নীতিমালা অনুপস্থিত।”
বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় শুধু হাসপাতালনির্ভর চিকিৎসা যথেষ্ট হবে না। প্রয়োজন ঘরে ঘরে টিকাদান নিশ্চিত করা, স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করা, বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়ানো এবং সংক্রমণের তথ্য দ্রুত প্রকাশ করা। একই সঙ্গে পুষ্টিহীন শিশুদের জন্য বিশেষ সহায়তা এবং ভিটামিন ‘এ’ সরবরাহও বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা।
সরকার এখনো পরিস্থিতিকে নিয়ন্ত্রণাধীন বললেও সংক্রমণ ও মৃত্যুর ক্রমবর্ধমান পরিসংখ্যান জনস্বাস্থ্য ব্যবস্থার সামনে বড় প্রশ্ন তৈরি করেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত ও সমন্বিত উদ্যোগ না নিলে আগামী সপ্তাহগুলোতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
খবরটি শেয়ার করুন