মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে দুই কারণ থাকতে পারে বলে মনে করছে জামায়াত *** আমরা রাজপথে আছি, রাজপথে থাকতে হবে: প্রধানমন্ত্রী *** পোস্তগোলা ব্রিজে গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন, থানার সামনে ককটেল নিক্ষেপ *** ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম *** গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন *** শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের *** ঢাকায় সিএমএম আদালত ও টিএসসির কাছে ককটেল বিস্ফোরণ, ফার্মগেটে বাসে আগুন *** খাওয়াজার তোলপাড় সেই দাবি এবার সমর্থন করলেন ওয়ার্নার *** সিএমএম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, দুজন গ্রেপ্তার *** ঢাকা ওয়াসার পানি আবার পরীক্ষা হবে সুইডেনে

ঢাকায় সিএমএম আদালত ও টিএসসির কাছে ককটেল বিস্ফোরণ, ফার্মগেটে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৫ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৬

#

ফার্মগেট এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের সামনে থেকে দুজনকে পুলিশ আটক করেছে। অন্যদিকে, টিএসসির পাশের ঘটনা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করেন শিক্ষার্থীরা। এ ছাড়া, ফার্মগেট এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিএমএম আদালতের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে।

তিনি জানান, এ সময় হাতেনাতে দুজনকে আটক করে পুলিশ। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ ও ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির পাশের একটি সড়কেও আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর শিক্ষার্থীরা ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে দুজনকে আটক করেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের শাহবাগ থানায় নিয়ে যান।

ঘটনাস্থলে উপস্থিত শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার লিওন বলেন, ‘ঘটনাস্থল থেকে মাত্র কয়েক ফুট দূরে সোহরাওয়ার্দী উদ্যানের গেটের সামনে আমাদের নেতাকর্মীরা আড্ডা দিচ্ছিলেন। বিস্ফোরণের শব্দ শুনে আমরা ছুটে যাই এবং দুজন হামলাকারীকে ধরে ফেলি।’ তিনি দাবি করেন, আটক দুজনের কাছে আরও বিস্ফোরকদ্রব্য ছিল।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম বলেন, হামলার অভিযোগে আটক দুজনকে থানায় রাখা হয়েছে।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যে দুজনকে থানায় নিয়ে এসেছেন তাদের মধ্যে একজনের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা গেছে। তিনি ককটেল নিক্ষেপের কথা স্বীকার করেছেন। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।’

তিনি জানান, ওই ব্যক্তির নাম জাবির সালেহিন দীপু (২৭)। তার বাড়ি বাগেরহাটের যাত্রাপুরে এবং ঢাকায় তিনি কলাবাগানে ভাড়া থাকেন। আটককৃত অপরজনের পরিচয় নিশ্চিত হতে যাচাই-বাছাই চলছে।

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে একটি ব্যাগ পাওয়া গেছে। ওই এলাকাটি ঘিরে রাখা হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দলকে খরব দেওয়া হয়েছে। তাদের পৌঁছানোর অপেক্ষায় রয়েছে পুলিশ।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে আমরা খবর পাই রাজধানীর ফার্মগেট এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৭টা ৯ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না বা আগুন লাগার কারণ কী, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

এমআরটি পুলিশের পরিদর্শক মহসিন শেখ জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে সন্ধ্যা ৬টা ৪১ থেকে ৭টা ২১ মিনিট পর্যন্ত ফার্মগেট মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল। এ সময়ের মধ্যে এই স্টেশনে কোনো ট্রেন দাঁড়ায়নি।

ককটেল বিস্ফোরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250