বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

ভালোবাসা ও শান্তির বার্তা দিতে রঙিন সাজে সেজেছে রাজধানীর গির্জাগুলো

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৮ পূর্বাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজ ২৫শে ডিসেম্বর, বৃহস্পতিবার। খ্রিষ্টধর্মাবলম্বীদের কাছে দিনটি বড়দিন—যিশুখ্রিষ্টের জন্মদিন। ইতিহাসের পাতায় এটি শুধু একটি ধর্মীয় ঘটনার স্মৃতি নয়; এটি মানবসভ্যতার এক গভীর পরিবর্তনের সূচনা হিসেবে বিবেচিত।

বড়দিন উপলক্ষে প্রার্থনার জন্য রঙিন সাজে সেজেছে ঢাকার গির্জাগুলো। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানীর গির্জা এবং মোহাম্মদপুরের সেন্ট ক্রিস্টিনা চার্চ ঘুরে এ চিত্র দেখা গেছে।

কনকনে শীতের রাতে প্রায় দুই হাজার বছর আগে বেথলেহেমের এক গোয়ালঘরে জন্ম নিয়েছিলেন যিশু। কারণ, যিশুর মা মরিয়মের তখন যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। তাই মরিয়ম জীর্ণ এক গোশালায় আশ্রয় নিয়েছিলেন।

বড়দিন উপলক্ষে গির্জাগুলোর প্রাঙ্গণে সাজানো হয়েছে যিশুখ্রিষ্টের জন্মের প্রতীকী গোশালা। সেখানে রয়েছে খড়ের ওপর শুয়ে থাকা শিশু যিশু, পাশে মাতা মরিয়ম ও সেন্ট যোসেফ। দৃশ্যটি যেন আগত মানুষদের চোখে এনে দেয় নীরব শ্রদ্ধা ও বিশ্বাস। গোশালার চারপাশে জ্বলছে নরম আলো, যা বড়দিনের বার্তাকে আরও স্পষ্ট করে তুলেছে।

গির্জার ভেতরে ও বাইরে স্থাপন করা হয়েছে সুসজ্জিত ক্রিসমাস ট্রি। রঙিন আলো, তারা আর নানা অলংকারে সাজানো গাছগুলো পুরো পরিবেশকে উৎসবমুখর করে তুলেছে। দেয়ালজুড়ে ঝুলছে আলোকসজ্জা ও ধর্মীয় প্রতীক। সব মিলিয়ে পুরো গির্জা সেজেছে রঙিন ও আলোকোজ্জ্বল আবহে।

মোহাম্মদপুরের সেন্ট ক্রিস্টিনা চার্চে প্রার্থনা শুরু হয় বুধবার রাত আটটায়। আজ বৃহস্পতিবার সকাল আটটায় আরেকটি প্রার্থনার সময় নির্ধারণ করা হয়েছে এই গির্জায়।

তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানীর গির্জায় বুধবার সন্ধ্যা সাতটা ও রাত নয়টায় প্রার্থনা হয়। আজ বৃহস্পতিবার সকাল সাতটা ও নয়টায়ও প্রার্থনা করা হবে।

গির্জায় আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার ও বৃহস্পতিবার বিশেষ প্রার্থনা ও ধর্মীয় সংগীত উচ্চারিত হবে তাদের কণ্ঠে। তারা শান্তি, ভালোবাসা ও মানবতার আহ্বান জানাবেন। অনেকেই নীরবে মোমবাতি জ্বালিয়ে যিশুর জীবনের আদর্শ স্মরণ করবেন।

প্রার্থনা শুরুর আগেই বুধবার বিকেলে তেজগাঁও জপমালা রানীর গির্জায় কথা হয় সোনিয়া গোমেজের সঙ্গে। তিনি এসেছেন রাজধানীর মনিপুরীপাড়া থেকে। সঙ্গে ছিল তার ছেলে জয়োকিন গোমেজ।

সোনিয়া গোমেজ বলেন, ‘বড়দিন আমাদের শুধু আনন্দ দেয় না, বরং একে অন্যের প্রতি সহমর্মী হতে শেখায়। এই আয়োজন তাই কেবল সাজসজ্জা নয়, এটি বিশ্বাস ও আশার এক জীবন্ত প্রকাশ।’

মোহাম্মদপুরের সেন্ট ক্রিস্টিনা চার্চের পুরোহিত ফাদার কাজল পিউরিফিকেশন বলেন, এবারের প্রার্থনার লক্ষ্য নিজেদের অন্তরে ও বিশ্বে যাতে শান্তি বজায় থাকে। এই প্রার্থনা হিন্দু, মুসলিম, খ্রিষ্টান সবার জন্য। যিশুর জন্মতিথিকে কেন্দ্র করে আমরা যেন তার জীবনাদর্শ এবং খ্রিষ্টীয় মূল্যবোধ নিজেদের জীবনে ও অন্যের জীবনে প্রতিফলন ঘটাতে পারি, সেই প্রার্থনা সবার জন্য।

তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানীর গির্জার পুরোহিত ফাদার জয়ন্ত এস গোমেজ বলেন, যিশুর বাণী সব সময় কার্যকর। তিনি সব সময় প্রান্তিক মানুষের সামাজিক ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। এসবের মাধ্যমেই তিনি বিশ্বে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের এবারের প্রার্থনা হবে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়। দেশের মধ্যে যেন স্থিতিশীলতা বিরাজ করে। গণতন্ত্র যেন প্রতিষ্ঠা হয়।

শুভ বড়দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250