ছবি: ফেসবুক থেকে নেওয়া
সদ্য সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসায় ইফতার ও ডিনারে অংশ নিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক কয়েক উপদেষ্টা।
শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) রাতে সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।
জানা গেছে, আজ শনিবার (২৮শে ফেব্রুয়ারি) মিন্টো রোডের সরকারি বাসা ছেড়ে একটি ভাড়া ফ্ল্যাটে উঠবেন ফাওজুল কবির খান। দায়িত্ব পালন শেষে সরকারি বাসা ছাড়ার আগে সহকর্মী ও ঘনিষ্ঠদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আড্ডায় মিলিত হন তিনি।
প্রসঙ্গত, গত ১৭ই ফেব্রুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে যায়। ওই দিন সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।
তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। নতুন সরকার গঠনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই বছরের ৮ই আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
খবরটি শেয়ার করুন