সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৬

#

ময়মনসিংহ নগরীতে চুরি ও ছিনতাই রোধে জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার চালানো হয়। গতকাল রোববার নগরীর গাঙ্গিনারপাড় এলাকায়। ছবি: সংগৃহীত

শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ।

পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারীদের হাতে।

সাম্প্রতিক ঘটনার তথ্যসূত্রে জানা যায়, গত ২৪শে ফেব্রুয়ারি বিকেলে নগরের পুরোনো ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত অটোরিকশার মধ্যে পেটে ছুরি ধরে চার ছিনতাইকারী মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয় শিক্ষার্থী মোবাশ্বির ইসলাম সাদের। এ সময় কেউ প্রতিবাদ করারও সাহস পায়নি।

মোবাশ্বির ইসলাম সাদ বলেন, ‘তাদের দেখে মনে হয়েছে নেশাখোর। তাই প্রাণের ভয়ে যা চেয়েছে দিয়েছি। অটোতে আরও যাত্রী থাকলেও কেউ কথা বলার কোনো সাহস পায়নি।’

এর আগে গত ১৮ই ফেব্রুয়ারি ব্রহ্মপুত্র নদের ওপারে ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন আনন্দ মোহন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল্লাহ শাওন (২৬)।

এর দুইদিন পর নদী থেকে উদ্ধার করা হয় তার লাশ। ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে নগরী। আলটিমেটামের মধ্যে গ্রেপ্তার করা হয় ৬ ছিনতাইকারীকে।

গত ১৪ই ফেব্রুয়ারি এনজিওকর্মী শামীম মিয়া ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ মোড়ে সন্ধ্যার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনিয়ে নেওয়া হয় তার মোবাইল ফোন। এ নিয়ে থানায় অভিযোগ করলেও এখনো মেলেনি কোনো প্রতিকার।

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যমতে, নগরীর বিভিন্ন প্রান্তে প্রতি মাসে গড়ে প্রায় এক হাজারেরও বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। শুধু কোতোয়ালি থানায় প্রতিদিন গড়ে ৮-১০টি অভিযোগ জমা পড়ে এসব ঘটনায়।

তবে আইনি জটিলতা, পুলিশের প্রতি অনাস্থা এবং সামাজিক হয়রানির ভয়ে ভুক্তভোগীদের বড় একটি অংশ থানায় অভিযোগ করেন না।

নগরীর শম্ভুগঞ্জ, ব্রিজ মোড়, কেওয়াটখালী, বাকৃবি শেষ মোড়, সানকিপাড়া, মীরবাড়ি, কলেজ রোড, মাদ্রাসা কোয়ার্টার, কাশর রোড, বাইপাস মোড়, গাঙ্গিনারপাড়, স্টেশন রোড, পুরোহিতপাড়া, বাঘমারা, চরপাড়া, মাসকান্দা এবং জয়নুল আবেদীন পার্ক এলাকাগুলোকে ছিনতাইয়ের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছর ছিনতাইয়ের ঘটনায় আটক হওয়া ৪৬৭ আসামির মধ্যে ৩৬২ জনই নগরীর স্টেশন রোড, পুরোহিতপাড়া, সানকিপাড়া ও মীরবাড়ি—এই চার এলাকার বাসিন্দা।

২০২৫ সালে এসব এলাকার ছিনতাইকারীদের বিরুদ্ধে ৪৫টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অন্তত ৩০০ জন পেশাদার ছিনতাইকারী কারাগার থেকে বের হয়ে আবার ছিনতাইয়ে জড়িয়ে পড়েছে।

পুলিশ বলছে, বেশির ভাগ ছিনতাইকারীর বয়স ১৪-৩০ বছরের মধ্যে। এর মধ্যে অনেকে আবার শিক্ষার্থীও। কম বয়সে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ছিনতাইয়ের পথ বেছে নিয়েছে তারা।

সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, শিক্ষা-সংস্কৃতির নগরীকে এখন ছিনতাইয়ের জনপদ বলা হয়। ছিনতাই বাড়ার অন্যতম কারণ হচ্ছে মাদক ও বেকারত্ব।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘ছিনতাই রোধে নগরের কোতোয়ালি থানা এবং তিনটি ফাঁড়ির পুলিশ কাজ করছে। অনেক সময় ছিনতাইকারীদের ধরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হলে তারা সহজেই ছাড়া পাচ্ছে। তবে আমাদের নিয়মিত অভিযান থেমে নেই।’

জে.এস/

ময়মনসিংহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250