সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিকারের সভায় নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন *** মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের খবরে ফতুল্লার এক কারখানায় কর্মবিরতি *** শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা *** পাকিস্তান যে ক্ষতি করেছিল, আওয়ামী লীগ ১৭ বছরেই তার চেয়ে বেশি করেছে: তথ্যমন্ত্রী *** বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: তথ্য প্রতিমন্ত্রী *** মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু *** মিনাবের হামলার নির্দেশদাতা মার্কিন কর্মকর্তাদের ইরানের হুমকি—‘তোমাদের খুঁজে বের করা হবে’ *** পোশাক খাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা শেষ মুহূর্তে স্থগিত *** গাজীপুরে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ *** গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৬২টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে সাভার-আশুলিয়ায় ৪০টি কারখানা এখনো বন্ধ। অন্যদিকে, গাজীপুরে নতুন করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ২২টি কারখানা।

শিল্প পুলিশের দাবি, আজ সোমবার সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ বা কর্মবিরতির কোনো ঘটনা ঘটেনি। সকাল থেকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় কাজ করছেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের পরিবেশ গতকালের মতোই স্বাভাবিক রয়েছে। বন্ধ কারখানার সংখ্যাও কমেছে। সব মিলিয়ে পরিস্থিতি সন্তোষজনক। এ অবস্থা অব্যাহত থাকবে বলে তিনি আশা করছেন।

তিনি আরও জানান, সাভার-আশুলিয়ায় এখনো শ্রম আইনের ১৩(১) ধারায় ২৭টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৯টি এবং সাধারণ ছুটির আওতায় রয়েছে চারটি কারখানা। এসব কারখানা চালুর বিষয়ে আলোচনা চলছে।

গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সাভার-আশুলিয়ার পরিস্থিতি অন্য দিনের তুলনায় আজ অনেক ভালো। ১৩(১) ধারায় বন্ধ থাকা কিছু কারখানা খুলেছে। আবার নতুন করে কিছু কারখানা একই ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকেরাও অনেকটা শান্ত হয়েছেন।

মজুরি বোর্ডের সোমবারের সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও সন্দেহ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতিতে সভা স্থগিত করা ঠিক হয়নি।

অন্যদিকে, গাজীপুর জেলা ও মহানগর এলাকায় ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন কারণে এসব কারখানা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা, বোর্ডবাজার, বড়বাড়ী, টঙ্গী ও চান্দনা চৌরাস্তা এলাকা ঘুরে দেখা যায়, অন্তত পাঁচটি কারখানার সামনে বন্ধের কোনো সাইনবোর্ড নেই। তবে স্থানীয় লোকজন জানান, কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত রাবার ফ্যাশন কারখানাটিও বন্ধ রয়েছে বলে জানান কারখানার সামনের একটি চায়ের দোকানের মালিক আবুল হোসেন। খোঁজ নিয়ে জানা গেছে, কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আবুল হোসেন বলেন, ‘একসময় আশপাশের এলাকা সরগরম থাকত। এখন তো শ্রমিকই দেখা যায় না।’ এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর ও কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় গত সপ্তাহজুড়েই শ্রমিকদের আন্দোলন চলছে। মজুরি বৃদ্ধির দাবিসহ বিভিন্ন কারণে এসব এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকালে মজুরি বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

পোশাক কারখানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250