ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
দেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়।
দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের এ অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার নিকার সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন। অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। খবর বাসসের।
এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলার ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে বগুড়া জেলার মোকামতলা উপজেলার ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
পাশাপাশি ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
খবরটি শেয়ার করুন