ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী সফরে তাকে বহনকারী রুয়েটের বাস নিয়ে ফেসবুকে ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য করা যুবককে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। অতিরিক্ত কৌঁসুলি মুহাম্মদ শামসুদ দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযুক্ত মো. আবু বকর সিদ্দিককে (২২) আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গত ২০ অক্টোবর দুপুর ৩টার দিকে সামরিক উড়োজাহাজে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে রুয়েটের (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) একটি বাসে তিনি রাজশাহী শহরে যান। একই বাসে তিনি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সমাবেশে যোগ দেন এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মসভা মন্দির পরিদর্শন করেন। এরপর ওই বাসে শহর থেকে শাহ মখদুম বিমানবন্দরে ফিরে যান তিনি।
‘দ্য বিউটি অব রাজশাহী’ নামে একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসটির ছবি পোস্ট করা হয়। ছবির ক্যাপশনে প্রধানমন্ত্রীর বুলেটপ্রুফ বাসের পরিবর্তে রুয়েটের বাস ব্যবহার করা নিয়ে প্রশ্ন তোলা হয়।
মন্তব্যের ঘরে ‘মো. আবু বকর সিদ্দিক’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়: ‘ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’।
আদালতে জমা দেওয়া পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ২১ অক্টোবর ডিবি সদস্যরা আবু বকরের ওই মন্তব্যটি শনাক্ত করে। সেদিনই রাজশাহীর পবা উপজেলা থেকে তাকে আটক করা হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক ওই মন্তব্যের বিষয়টি স্বীকার করেছেন। তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ২৩ অক্টোবর রমনা থানায় আবু বকরের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
খবরটি শেয়ার করুন