রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের *** হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট ১০৯৬ *** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২১৫৮ জন ভর্তি *** ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং *** ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কর্তৃপক্ষ বলছে গুজব *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে রেখে অন্যদের ছেড়ে দিয়েছে পুলিশ *** দক্ষিণ আফ্রিকার ২ প্রধান শহরে বন্দুক হামলায় নিহত ২৭ *** সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ চাইল খেলাফত মজলিস *** মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়: শফিকুর রহমান

ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে ‘মেগা প্ল্যান’, নিয়োগ পাবেন ১ লাখ স্বেচ্ছাসেবী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাকে ভূমিকম্পের ঝুঁকি থেকে রক্ষা করতে এবং দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় এক বিশাল কর্মপরিকল্পনা বা ‘মেগা প্ল্যান’ নিয়ে কাজ করছে সরকার। এই পরিকল্পনার আওতায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী নিয়োগ এবং ৪৫০টি নির্দিষ্ট ‘অ্যাসেম্বলি পয়েন্ট’ বা সমবেত হওয়ার স্থান নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়াতে ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আনার প্রস্তাবনা দেওয়া হয়েছে।

আজ বুধবার রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত নবম আরবান ডায়ালগ-২০২৬ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এসব তথ্য তুলে ধরেন। ডায়ালগ আয়োজন করে আরবান আইএনজিও ফোরাম বাংলাদেশ।

সচিব মো. সাইদুর রহমান খান জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনায় ঢাকা শহরে ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবী নিয়োগের কাজ চলছে, যারা দুর্যোগের সময় ‘ফার্স্ট রেসপন্ডার’ হিসেবে কাজ করবে। পূর্বে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবীর একটি ডেটাবেইস থাকলেও সেটি হালনাগাদ না থাকায় এখন ১৮ বছরের বেশি বয়সী তরুণদের নিয়ে নতুন করে প্রায় ৫০ হাজার ৫০০ জনের তালিকা তৈরি করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব আরও বলেন, ‘আমরা এই তরুণ জনগোষ্ঠীকে পুঁজি করে ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবী) নিয়োগ করতে চাই এবং তাদের প্রাথমিক চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসহ প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণ দেওয়া হবে।’

৪৫০ অ্যাসেম্বলি পয়েন্ট ও ভারী যন্ত্রপাতি

সচিব বলেন, ভূমিকম্পের পর মানুষ কোথায় সমবেত হবে বা সরকারি সাহায্য কোথায় পাওয়া যাবে, তা নিশ্চিত করতে ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে ৪৫০টি জায়গা ‘অ্যাসেম্বলি পয়েন্ট’ হিসেবে নির্বাচন করা হয়েছে। এই তালিকা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্যোগ পরবর্তী উদ্ধারকাজের জন্য সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে ৫২ থেকে ৫৪ ধরনের ভারী যন্ত্রপাতির তালিকা সংগ্রহ করা হয়েছে। বেসরকারি খাতের কাছে থাকা হেলিকপ্টার ও হাসপাতালের বেড সক্ষমতার তথ্যও সংগ্রহের কাজ চলছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান। বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের প্রেক্ষাপটে নগর সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করে তিনি বলেন, বিদ্যমান অবকাঠামোগত ঘাটতি ও ব্যাপক আর্থসামাজিক বৈষম্য নিরসনে সুপরিকল্পিত ও অন্তর্ভুক্তিমূলক নগর ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।

আরবান ডায়ালগে বিশেষ অতিথির বক্তব্যে প্ল্যান ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর কবিতা ঘোষ নগরায়ণের বিকেন্দ্রীকরণের ওপর জোর দেন। তিনি বলেন, শুধু ঢাকাকেন্দ্রিক চিন্তা না করে উপজেলা পর্যায় পর্যন্ত নগরায়ণ নিয়ে ভাবতে হবে, যাতে মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা বা মাইগ্রেশন কমে।

তিনি প্রশ্ন তোলেন, ‘যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মানসম্মত শিক্ষা বা স্বাস্থ্যসেবা বিভাগীয় পর্যায়ে থাকত, তবে মানুষ কেন এত দূরে আসত?’

জনবান্ধব নগরনীতি বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠানে ১৬ দফা ঘোষণা করা হয়। ঘোষণাপত্রের উল্লেখযোগ্য দফার মধ্যে রয়েছে—ভূমি মালিকানার আইনি জটিলতা নির্বিশেষে বস্তিবাসীসহ সব নাগরিকের নিরাপদ পানি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং উন্নত স্যানিটেশন সুবিধা পাওয়া মৌলিক অধিকার। পাশাপাশি শহর এলাকায় ক্রমবর্ধমান দাবদাহ মোকাবিলায় একটি ন্যাশনাল হিট অ্যাকশন প্ল্যান তৈরি, কর্মজীবী মায়েদের সহায়তায় এলাকাভিত্তিক চাইল্ড-কেয়ার হাব প্রতিষ্ঠা এবং বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের পৌর ব্যবস্থাপনার মূল কাঠামোর অন্তর্ভুক্ত করে তাদের ন্যায্য মজুরি ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ইত্যাদি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250