ফাইল ছবি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।
আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এ কথা বলেন।
চাঁদা না দেওয়ার কারণে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন সালমান মুক্তাদির। তিনি রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘটনার ভিডিও প্রকাশ করেন।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রাতে ও আজ রোববার সকালে তাদের আটক করা হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তারা বলছে, সালমান মুক্তাদিরের স্টুডিও লক্ষ্য করে হামলা হয়নি। চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি।
জামায়াতের আমির শফিকুর রহমান তার পোস্টে বলেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব।
তিনি বলেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’
কর্তৃত্ববাদীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন?—এমন প্রশ্ন রাখেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’
খবরটি শেয়ার করুন