বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র *** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের

এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে কুমিল্লার মুরাদনগরে এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। আজ বুধবার (১১ই ফেব্রুয়ারি) উপজেলার সালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম হাবিবুর রহমান হেলালী। তিনি উপজেলার ধামঘর গ্রামের সুন্দর আলীর ছেলে এবং উপজেলার সালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াত নেতা হাবিবুর রহমান হেলালী প্রাইভেট কারে করে নিয়ামতকান্দি গ্রামে যান। অভিযোগ রয়েছে, সেখানে তিনি গোপনে কয়েকজন ভোটারের মাঝে নগদ টাকা বিতরণ করেন।

বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করে প্রশাসনকে খবর দেন। তাদের দাবি, আটক ব্যক্তির কাছ থেকে দুই বান্ডিল নগদ টাকা উদ্ধার করা হয়েছে, যার পরিমাণ প্রায় দুই লাখ টাকা।

খবর পেয়ে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় অভিযুক্তকে বহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়। গাড়ির চালকসহ জামায়াত নেতাকে মুরাদনগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান বলেন, ‘ঘটনাটি ম্যাজিস্ট্রেটের সরাসরি তত্ত্বাবধানে সংঘটিত হয়নি বিধায় মোবাইল কোর্ট আইনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি বিচারিক তদন্ত কমিটির মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তির জন্য আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়েছে।’

এদিকে বিষয়টি জানাজানির পর কুমিল্লা-৩ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. খোরশেদ আলম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর প্রার্থী ইউছুফ সোহেল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তবে আটক জামায়াত নেতা হাবিবুর রহমান হেলালী টাকা বিতরণের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সাংগঠনিক কাজের উদ্দেশ্যে এলাকায় গিয়েছিলেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

উল্লেখ্য, আজ বুধবার সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়। আটকের পর সাংবাদিকদের হাতে আসা একটি ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি তাঁর ব্যবসার টাকা।

বিমানবন্দর থানা-পুলিশ জানিয়েছে, দুপুর ১২টার ‍দিকে বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। তিনি ঢাকা থেকে একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইটে সৈয়দপুরে আসেন।

মুরাদনগর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250