রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিরা হামলা চালিয়েছে। ছবি: এএফপি
সৌদি আরবের দুটি বিমানবন্দরে ইরানসমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় তিন বেসামরিক বিদেশি নাগরিক নিহত হয়েছে। এই দুই হামলায় আহত হয়েছে আরও ৩৬ জন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, সৌদি আরবের স্থানীয় সময় গত মঙ্গলবার ও গতকাল বুধবার আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি পৃথক হামলা চালানো হয়।
জিএসিএ বিবৃতিতে আরও জানায়, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই নারী নিহত হয়েছেন। তাদের একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। এ হামলায় আরও ২৮ জন আহত হয়েছেন।
অন্যদিকে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক।
জিএসিএ বলেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় ও ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে কাজ করছে তারা।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে জোটের বাহিনী। একই সঙ্গে ইয়েমেনের রাজধানী সানায় এমন একটি উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে, যেটি সৌদি রাজধানীকে লক্ষ্য করে হামলা চালাতে ব্যবহার করা হয়েছিল।
এর আগে এ সপ্তাহে রিয়াদ বিমানবন্দরের কাছে সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর জ্বালানি ট্যাংক ও অন্যান্য সরঞ্জামের চারপাশে নতুন করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
গত ১৮ সেপ্টেম্বর সৌদি নেতৃত্বাধীন জোটের বাহিনী জানিয়েছিল, ইয়েমেন থেকে রিয়াদের বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া সন্দেহভাজন একটি হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত ও ধ্বংস করেছে।
এর এক দিন পর, ১৯ সেপ্টেম্বর, রিয়াদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি সংরক্ষণ এলাকায় আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়।
ইয়েমেন সরকারের সৌদি-সমর্থিত বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হুতিদের লড়াই ক্রমেই তীব্র হচ্ছে। হুতিরা কৌশলগত বাব আল-মান্দাব প্রণালির দুই পাশে বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এই প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
ইয়েমেনের সরকার জানিয়েছে, বুধবার ভোরে হুতিরা এডেন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদে মার্কিন দূতাবাস সৌদি আরবে থাকা মার্কিন নাগরিকদের জন্য আবারও নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সেখানে ‘সব মার্কিন নাগরিককে আরও সতর্ক থাকার’ আহ্বান জানানো হয়েছে।
খবরটি শেয়ার করুন