বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংসদে ‘মিটিমিটি হাসি’ হাসছিলেন কেন *** সময়ের সঙ্গে ড. ইউনূস সরকারের নানা অপকর্মের ঘটনা সামনে আসছে *** হরমুজ প্রণালি বন্ধই থাকবে—প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি *** ইরানে সরকার পতনের ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা সংস্থা *** ইরান যুদ্ধে যোগ না দিলে সৌদিকে ‘পরিণাম’ ভোগ করার হুমকি দিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সিনেটর গ্রাহাম *** তেলের দামের চেয়ে ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকানো বেশি জরুরি: ট্রাম্প *** যুদ্ধাপরাধে দণ্ডিতদের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ *** রাষ্ট্রপতির ভাষণে মিশে থাকল ‘ভাগ্যের নির্মম পরিহাস’ *** ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফিফার ‘বিংশ শতাব্দীর বাংলাদেশের সেরা ফুটবলার’ হাফিজ উদ্দিন এবার হলেন স্পিকার

বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবি উদীচী ও চারণের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১২ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সংগীত পরিবেশনের সময় ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবি করেছে উদীচী শিল্পীগোষ্ঠী ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র। পৃথক বিবৃতিতে এই দুই সাংস্কৃতিক সংগঠন বলেছে, এই গ্রেপ্তার অন্যায়, অমানবিক এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। ধর্ম অবমাননার নামে ভিন্নমত দমনের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে, রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুক্রবার (২১শে নভেম্বর) উদীচীর একাংশের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বিবৃতি পাঠিয়েছেন। আর চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বিবৃতি পাঠান।

দেশ আজ মবের রাজত্বে আবদ্ধ উল্লেখ করে উদীচীর বিবৃতিতে বলা হয়েছে, বাউলশিল্পী আবুল সরকারের গ্রেপ্তারের ঘটনা শুধু একজন শিল্পীর স্বাধীনতাকে বন্দী করা নয়—এটি বাংলাদেশের পালাগান-বাউল ধারার দীর্ঘ ইতিহাসে এক দুঃসহ আঘাত, মানবিক ও আধ্যাত্মিক উত্তরাধিকারকে অসম্মানের এক নগ্ন প্রদর্শনী।

উদীচী বলেছে, বাউল আবুল সরকার কেবল একজন কণ্ঠশিল্পী নন, তিনি একজন সাধক। তার কণ্ঠে বাউল দর্শন শুধু বিনোদন নয়; তা মুক্তির ভাষা, মানবতার আধ্যাত্মিক স্বর। এমন এক মানুষকে ধর্ম অবমাননার আসামি বানানো ভয়ানক অন্যায়—এটি অন্ধকারের জয়োৎসব। এই গ্রেপ্তার অন্যায়, অমানবিক এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। আমরা অবিলম্বে বাউলশিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

আবুল সরকারকে গ্রেপ্তারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও দ্রুত মুক্তি দাবি জানিয়ে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের বিবৃতিতে বলা হয়, আবুল সরকারের মতো বাউলশিল্পী ধর্মের প্রতি আস্থা রেখেই স্রষ্টা–বন্দনার মাধ্যমে গানের আসর শুরু করেন। গান ও কথার মাধ্যমে ধর্মের বিভিন্ন মত তুলে ধরে স্রষ্টার প্রতি ভক্তি প্রকাশ করেন। এটির সঙ্গে কেউ দ্বিমত করতে পারেন, কিন্তু তার চিন্তা আপনার মনঃপূত না হলে ধর্ম অবমাননার মামলা ঠুকে দিয়ে তাকে গ্রেপ্তার করা চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী আচরণ।

বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক অপশক্তি দ্বিগুণ উৎসাহে ঘৃণ্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে চারণ। বিবৃতিতে তারা বলেছে, দেশে যখন না খেতে পেয়ে বা এনজিওর সুদ পরিশোধ করতে না পেরে কেউ আত্মহত্যা করে অথবা সিন্ডিকেট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ানো হয়, যখন একের পর এক কারখানা বন্ধ হয়ে শ্রমিকেরা কাজ হারিয়ে না খেয়ে থাকেন, সেটি এই সাম্প্রদায়িক গোষ্ঠীর অনুভূতিতে লাগে না। সরকার ও এই ধর্ম ব্যবসায়ীদের ধর্ম অবমাননার নামে ভিন্নমত দমনের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে, রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অতি দ্রুত নিরপরাধ বাউলশিল্পী আবুল সরকারকে মুক্তি দিতে হবে।

আবুল সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250