সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫২ পূর্বাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম (২৭) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করতেন। এই ঘটনায় পথচারীরা একজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশে দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রোববার রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলামকে গুলি করা হয়। পরে সেখানে থাকা তার বন্ধুবান্ধব ও পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসা জি এম ইশান নামের এক তরুণ ঘটনার বর্ণনা দিয়ে সুখবর ডটকমকে বলেন, রাতে তারা কয়েকজন বন্ধু মিলে শহীদ মিনারের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ কয়েকটি গুলির শব্দ পান। এগিয়ে গিয়ে দেখেন রাকিবুল ইসলাম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসেন তারা। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে নিহত রাকিবুল ইসলামের বন্ধু মো. রনি বলেন, ‘রাতে রাকিবসহ আমরা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলাম। এ সময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের ওপরে গিয়ে দেখি রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সে মাথায় গুলিবিদ্ধ হয়। এ ছাড়া শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। এরপর সেখানে থাকা লোকজন দৌড়ে একজনকে ধরে ফেলে। সে শাহবাগ থানা হেফাজতে রয়েছে।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্যক্তিকে লক্ষ্য করে ৪টি গুলি করা হয়। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’

রাকিবুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করতেন। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের স্নাতকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ভোটার আইডি অনুযায়ী তার বর্তমান ঠিকানা পুরান ঢাকার নিমতলী। তবে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন কর্মচারীদের স্টাফ কোয়ার্টারে থাকতেন বলে স্বজনেরা জানিয়েছেন।

রাকিবুল ইসলামের বাবার নাম তরিকুল ইসলাম খোকন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। তাদের গ্রামের বাড়ি ভোলা সদরের চৌমুহনী এলাকায়। নিহত রাকিবুল ইসলাম ফেসবুক, ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রামে রাকিব আহম্মেদ নামে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতেন। ফেসবুক ও ইউটিউবে তার প্রায় আট লাখ অনুসারী রয়েছেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, শহীদ মিনারে রাকিব নামের এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনার পরপরই সেখানে থাকা লোকজন এক যুবককে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।

কনটেন্ট ক্রিয়েটর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250