রবিবার, ৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মুক্তিযুদ্ধ যেন আমাদের সবকিছুর উর্ধ্বে থাকে’ *** ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত *** চাঁপাইনবাবগঞ্জে গান-বাজনা নিষিদ্ধের নোটিশ, প্রশাসনের হস্তক্ষেপ *** সাবেক উপদেষ্টা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের দাবি জানালেন মামুনুল হক *** ঐতিহাসিক ৭ই মার্চের ইতিহাস কেউ মুছতে পারবে না: সোহেল তাজ *** ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, তেল নিতে ভোগান্তি *** ভারতীয় হাইকমিশনের ইফতার মাহফিলে জামায়াত নেতারা *** সহজ ভাষায় মহানবী (সা.)-এর জীবনী লিখতে চান আসিফ নজরুল *** ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা *** নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল, অতঃপর...

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১১ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৬

#

ছবি: গালফ নিউজ

সংযুক্ত আরব আমিরাতে ২০শে মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বিজ্ঞান-সংক্রান্ত গণনার ভিত্তিতে এই পূর্বাভাস দিয়েছে শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি। তথ্যসূত্র: গালফ নিউজ।

শারজাহ একাডেমির জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী ১৪৪৭ হিজরি সালের পবিত্র রমজান মাস এবার ৩০ দিন পূর্ণ করতে পারে। সেই হিসাবে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর হবে ২০শে মার্চ (শুক্রবার)।

জ্যোতির্বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, ১৮ই মার্চ (বুধবার) রমজানের ২৯তম দিন এবং চাঁদ দেখার রাত। তবে ওই দিন পশ্চিম আকাশে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে, ফলে চাঁদ দেখা সম্ভব হবে না। এর ফলে ১৯শে মার্চ (বৃহস্পতিবার) রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হবে।

পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ১৯শে মার্চ (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের সময় ভোর ৪টা ২৪ মিনিটে শারজাহর আকাশে নতুন চাঁদ উঠবে। ওই দিন সূর্যাস্তের সময় চাঁদটির বয়স হবে প্রায় ১৪ ঘণ্টা ৬ মিনিট। সূর্য থেকে এর কৌণিক দূরত্ব থাকবে ৬ দশমিক ৫ ডিগ্রি এবং দিগন্ত থেকে এর উচ্চতা হবে ৬ ডিগ্রি। সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে।

তবে এত সব গাণিতিক প্যারামিটার সত্ত্বেও একাডেমি সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া ও পারিপার্শ্বিক অবস্থাকে চাঁদ দেখার জন্য ‘জটিল’ বা প্রতিকূল বলে বর্ণনা করেছে। তারা জানিয়েছে, টেলিস্কোপ দিয়েও স্থানীয়ভাবে এই চাঁদ দেখা অত্যন্ত কঠিন হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, অ্যাডভান্সড ইমেজ স্ট্যাকিংয়ের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে হয়তো চাঁদের ছবি ধরা যেতে পারে, কিন্তু আমিরাতের আকাশ থেকে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। তবে পশ্চিমের কিছু আরব ও ইসলামি দেশে ভৌগোলিক কারণে চাঁদ দেখার পরিস্থিতি কিছুটা অনুকূলে থাকতে পারে।

সবকিছু মিলিয়ে একাডেমি এই সিদ্ধান্তে পৌঁছেছে, সংযুক্ত আরব আমিরাতসহ অধিকাংশ মুসলিম দেশে শুক্রবার (২০শে মার্চ) শাওয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। তবে যেসব দেশ প্রযুক্তি বাদ দিয়ে খালি চোখে বা সাধারণ টেলিস্কোপে চাঁদ দেখার ওপর নির্ভর করে, সেখানে স্থানীয় পর্যবেক্ষণ সাপেক্ষে শনিবার (২১শে মার্চ) ঈদ হতে পারে।

ঈদুল ফিতর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250