মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

পর্দার সন্তানদের মায়ায় জড়িয়ে গেছেন দিলারা জামান, ডলি জহুর

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ১১ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজ বিশ্ব মা দিবস। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন যারা, তাদের মধ্যে অন্যতম দিলারা জামান ও ডলি জহুর। শিল্পীরা বাস্তবেও তাদের মা বলে ডাকেন। তারাও জড়িয়ে গেছেন পর্দার সন্তানের মায়ায়। দু'জনেই দেশে একা থাকেন, আর তাদের সন্তানরা থাকেন প্রবাসে। সন্তানদের সঙ্গে বিদেশে না গিয়ে, পর্দার সন্তানদের মায়ায় তারা রয়ে গেছেন দেশে।

দিলারা জামানের দুই মেয়ে। দু'জনেই থাকেন দেশের বাইরে। পড়ালেখার জন্য দূরদেশে পাড়ি দেওয়া দুই সন্তান পরবর্তী সময়ে সেখানেই গড়েছেন ক্যারিয়ার। মা দিলারাকেও নিয়ে গিয়েছিলেন তাদের কাছে। তবে শিকড়ের টানে তিনি ফিরে এসেছেন। 

সন্তানরা নিয়মিত খোঁজখবর রাখেন, সুযোগ পেলে প্রতিবছর দেশে আসেন মায়ের সঙ্গে দেখা করতে। শুধু নিজের সন্তানরা নন, পর্দার বাইরেও শোবিজের সবাই দিলারা জামানকে মা বলে ডাকেন। মায়ের মতো সম্মান করেন, খোঁজখবর রাখেন।

দিলারা জামান বলেন, ‘আমার দুই মেয়ে দেশের বাইরে থাকে। নিয়মিত তারা আমার খোঁজখবর নেয়। আমি যাদের সঙ্গে কাজ করি, তারাও সবসময় আমার খোঁজখবর নেয়। সবাই মা বলে ডাকে। এদের ছেড়ে আমি থাকতে পারব না।'

তিনি বলেন, 'এ কারণেই দেশে ফিরে এসেছি। এ দেশ ছেড়ে, দেশের মানুষ ছেড়ে আমি থাকতে পারব না। দেশের সহস্র ছেলেমেয়ে আমাকে মা বলে ডাকে। এটাই আমার কাছে আনন্দের। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!’

পর্দায় মায়ের চরিত্রে অভিনয়ের জন্য ২০২৩ সালে মা পদকে সম্মানিত করা হয় দিলারা জামানকে। এ বছর এ পদক পাচ্ছেন ডলি জহুর। তিনিও দেশে থাকেন একা। তার একমাত্র সন্তান রিয়াসাত স্থায়ী হয়েছেন অস্ট্রেলিয়ায়। 

মাঝে মাঝে ডলি জহুর যেমন ছুটে যান ছেলের কাছে, আবার ছেলেও সময় পেলে আসেন মায়ের কাছে। তবে এ দেশ ও মানুষের ভালোবাসার কারণে বিদেশে স্থায়ী হতে পারেননি। বিশেষ করে পর্দার সন্তানদের মায়া তাকে আটকে রেখেছে।

ডলি জহুর বলেন, ‘সবার ভালোবাসা আছে বলেই তো বিদেশে আমার ছেলে আমাকে ধরে রাখতে পারে না। এখানে একা পড়ে আছি সবার ভালোবাসার টানে। এ যে সবার সঙ্গে দেখা হচ্ছে, খোঁজখবর নিচ্ছে, মা বলে ডাকছে।'

তিনি বলেন, 'আমি যখন করোনায় আক্রান্ত হলাম, সবাই দৌড়ে চলে এল বাসায়, আমাকে হাসপাতালে নিয়ে গেল। একটুও ভয় পেল না কেউ। অনেকেই আমার সেবায় হাসপাতালে থেকে গেল। এ ভালোবাসা বলে বোঝানো যাবে না। ভালোবাসা ব্যাখ্যা করা যায় না, অনুভব করা যায়। আমি এটা সবসময় অনুভব করি।’

এইচ.এস/

অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250