ছবি: সংগৃহীত
জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ রোববার (২২শে ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুকের পোস্টটিতে জামায়াত আমির লেখেন, ‘গতকাল রাজধানীর যাত্রাবাড়ীতে একজন গাড়িচালককে চাঁদা লেনদেনের ঘটনায় চাঁদাবাজেরা পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই।’
জামায়াত আমির যোগ করেন, ‘চাঁদার এ সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে, যেন চাঁদা না দেওয়াই অপরাধ! নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়, তখন এ দায়িত্ব সংশ্লিষ্ট সবার ওপরেই বর্তাবে। মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে? না, আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেব না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি।’
চাঁদাবাজির বিরুদ্ধে লড়ে যাওয়ার ঘোষণা দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘দেশকে যারা ভালোবাসেন, তাদের সবার প্রতি আমাদের একই কথা, চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে লড়তে হবে। আমরা লড়ে যাব, ইনশা আল্লাহ।’
খবরটি শেয়ার করুন