শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী *** ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির একটিরও সভাপতি পেল না বিরোধী দল

বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বরিশাল নগরের একটি ভবন থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় নগরের প্যারারা রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত দৈনিক সমকালের আঞ্চলিক কার্যালয় থেকে পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার করা হয়। ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আরও কয়েকটি সংবাদমাধ্যমের আঞ্চলিক কার্যালয় রয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান বলেন, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে খবর পেয়ে তারা প্যারারা রোডের ওই ভবনে যান। সেখানে সমকাল কার্যালয়ে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় পুলক চ্যাটার্জির লাশ পাওয়া যায়।

সহকর্মী ও পরিবার সূত্রে জানা গেছে, পুলক চ্যাটার্জি দৈনিক সমকালের বরিশাল ব্যুরোপ্রধান ছিলেন। ২০২৩ সালের দিকে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। জ্যেষ্ঠ সংবাদকর্মী ও সাবেক ব্যুরোপ্রধান হিসেবে মাঝেমধ্যে তিনি সমকালের আঞ্চলিক কার্যালয়ে এসে বসতেন এবং পত্রিকা পড়তেন।

পুলক চ্যাটার্জির স্ত্রী নীলোৎপলা মুখার্জি সাংবাদিকদের বলেন, চাকরি হারানোর পর থেকে তার স্বামী হতাশায় ভুগছিলেন। তবে এ কারণে তিনি আত্মহত্যা করবেন, তা পরিবারের কেউ ভাবেননি। একই ভাষ্য পুলক চ্যাটার্জির ভাই ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জির।

সমকালের বর্তমান ব্যুরোপ্রধান সুমন চৌধুরীর দাবি, সাবেক ব্যুরোপ্রধান ও জ্যেষ্ঠ সংবাদকর্মী হিসেবে পুলক চ্যাটার্জির অনুরোধের পরিপ্রেক্ষিতে কার্যালয়ে ঢোকার একটি চাবি তাকে দেওয়া হয়েছিল। আজ দিনের কোনো এক সময় ওই চাবি দিয়ে কার্যালয়ে ঢুকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় পিয়ন দীপকও অফিসে ছিলেন না, তিনি ছুটিতে।

পরিবার সূত্রে জানা যায়, পুলক চ্যাটার্জি শুক্রবার বেলা তিনটার দিকে নগরের শ্রীনাথ চ্যাটার্জী লেনের বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মুঠোফোনে কল করা হলেও ধরছিলেন না। বিষয়টি তার স্ত্রী নীলোৎপলা মুখার্জি সুমন চৌধুরীকে ফোন করে জানান।

সুমন চৌধুরী বলেন, সন্ধ্যার সময় তিনি কার্যালয়ে এসে দেখেন, ভেতর থেকে দরজা আটকানো। পরে দরজার ফাক দিয়ে পুলক চ্যাটার্জিকে ঝুলন্ত অবস্থায় দেখে তিনি অন্য সংবাদপত্রের সহকর্মী ও পুলিশকে জানান। পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

রাত ৯টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ সমকাল কার্যালয়ে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল থেকে কয়েক পাতার সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। পুলক চ্যাটার্জির লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে পুলিশ সবকিছু যাচাই-বাছাই করছে। সিআইডির একটি দলও কাজ করছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলক চ্যাটার্জি আলাদা কাগজে পাঁচটি সুইসাইড নোট লিখে গেছেন। একটিতে তিনি লিখেছেন, তার এ মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। অপর চারটি নোট লিখে গেছেন স্ত্রী, ভাই, সমকালের আঞ্চলিক কার্যালয়ের পিয়ন এবং বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে উদ্দেশ করে।

পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশালের সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, পুলক চ্যাটার্জি শুধু সাংবাদিকতায় নয়, বরিশালের প্রতিটি সামাজিক–সাংস্কৃতিক আন্দোলনেও ছিলেন অগ্রভাগে। তিনি সাংবাদিকদের অধিকার আদায়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা অপুরণীয়। কল্পনাও করা যায়নি তিনি এভাবে অকালে চলে যাবেন।

জেলা মহিলা পরিষদের সভাপতি শাহ সাজেদা বলেন, ‘অত্যন্ত হাসিখুশি ও প্রাণবন্ত পুলক ছিল বরিশালের সাংবাদিকতা অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। ওর এই অসময়ে চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে।’

সাংবাদিক পুলক চ্যাটার্জি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250