রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। গুরুতর আহত ১৭ জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের গেড়াখোলা এলাকায় ব্রিজের পাশে খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এ সময় আহত হন আরও অন্তত ৩০ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন চিকিৎসা নিয়েছেন। চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আহত যাত্রী পিরোজপুরের জিয়া নগর থেকে আসা আব্দুল্লাহ অভিযোগ করেন, চালকের অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, আহত প্রায় ২০ জন। আহতরা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এখনো নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও জানান, সড়কের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক আছে।

গোপালগঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250