ছবি: সংগৃহীত
নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকা এবং এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার অভিযোগে বিএনপি ও জামায়াতপন্থি সাংবাদিকদের সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইনকে জাতীয় প্রেস ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ সোমবার (২৫ মে) ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত কারণে গঠনতন্ত্রের ১৩ (ক) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে একই অভিযোগে খন্দকার আলমগীর হোসাইনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সোমবার সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ডিইউজের স্বার্থ, সংগঠনের সুনাম এবং নৈতিক আচরণবিধির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন তার সদস্যপদ বাতিল করা হবে না, সে বিষয়ে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
সংগঠন সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত এবং প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
পাশাপাশি অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাইয়ের আহ্বানও জানানো হয়েছে। তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য খন্দকার আলমগীর হোসাইনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তার অবস্থান জানা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা হতে পারে।
উল্লেখ্য, কোনো ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত বা বিচারিকভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত তা অভিযোগ হিসেবেই বিবেচিত হয়। তবে খন্দকার আলমগীর হোসাইন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমতের সাংবাদিকদের বিরুদ্ধে নিয়মিত অশোভন বাক্যে বিষোদগার করে থাকেন। তিনি জামায়াতপন্থি হিসেবে বিতর্কিত।
খবরটি শেয়ার করুন