শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

সারিবদ্ধ রিকশার পার্কিংমুক্ত হলো গ্রিন রোড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ পূর্বাহ্ন, ১৩ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর ব্যস্ততম স্থান ফার্মগেট ও পান্থপথের সংযোগ সড়ক গ্রিন রোড। জনগুরুত্বপূর্ণ এই সড়কের দুই পাশে রিকশা মেরামতের একাধিক দোকান ছিল। এসব দোকান ঘিরে সড়ক দখল করে সারিবদ্ধভাবে রিকশা রেখে দেওয়া হতো। তবে বদলে গেছে এই চিত্র। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের তৎপরতায় সেই চিত্র পাল্টেছে। সপ্তাহব্যাপী অভিযানে সড়কটিতে এখন রিকশা মেরামতের দোকান নেই। বন্ধ হয়েছে সারিবদ্ধ রিকশা পার্কিং।

তেজগাঁও ট্রাফিক বিভাগ গণমাধ্যমকে জানায়, গত এক সপ্তাহব্যাপী অভিযানে ৬১টি রিকশার বিরুদ্ধে ডাম্পিংসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গুরুত্বপূর্ণ এই সড়কেই রয়েছে পানি ভবন, আইবিএ হোস্টেল, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকসহ একাধিক কোচিং সেন্টার। জনবহুল এই রাস্তায় এতদিন শতাধিক রিকশার পার্কিংয়ের পাশাপাশি ছিল রিকশা মেরামতের একাধিক দোকান।

প্রায় স্থায়ী হয়ে যাওয়া এই রিকশা লেন ঘিরে ফুটপাতে ছিল আবার একাধিক ভাতের হোটেল। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে, ফুটপাতে মানুষের হাঁটার অবস্থাও ছিল না।

রোববার (১২ই মে) গ্রিন রোডে সরেজমিনে ভিন্ন এক চিত্র চোখে পড়েছে। সেখানে চোখে পড়েনি সারিবদ্ধ রিকশা পার্কিং। ফুটপাতের চিত্রও ছিল ভিন্ন। অবস্থার এই উন্নতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন পথচারীরা। তারা বলছেন, তেজগাঁও ট্রাফিক বিভাগের এই কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে এটি যেন স্থায়ী হয়, সে প্রত্যাশা সবার।

আরো পড়ুন: তাপমাত্রা কমাতে ঢাকায় নগর বনায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে : পরিবেশমন্ত্রী

তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) স্নেহাশীষ দাস গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এই সড়ক রিকশার অবৈধ পার্কিংমুক্ত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা প্রতিদিন সকাল-বিকেল রেকারসহ এ রাস্তায় অভিযান চালাচ্ছি। সড়ক অবৈধ দখলমুক্ত রাখতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমদ গণমাধ্যমকে জানান, প্রথমে আমরা মাইকিং করে রিকশা মেরামতের দোকান ও পার্কিং লেনের বিষয়ে সতর্ক করি। তারা ভেবেছিল, হয়তো পুলিশ কোন ব্যবস্থা নেবে না। পরে আমরা অ্যাকশনে যাই, অবৈধ রিকশা পার্কিং বন্ধ এবং রিকশা মেরামতের দোকান উচ্ছেদ করা হয়েছে। বর্তমানে পুরো সড়ক দখলমুক্ত স্বাভাবিক রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাফিক বিভাগের কাজ ড্রাইভওয়ে দখলমুক্ত রাখা। আর ফুটপাত বা ওয়াকওয়ে দখলমুক্ত রাখতে কাজ করবে ক্রাইম ডিভিশন। আমরা সড়কের অবৈধ দখল উচ্ছেদ করার সঙ্গে সঙ্গে ক্রাইম ডিভিশনকে ফুটপাত দখলের বিষয়টি জানিয়েছি। তারাও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে।

এইচআ/ আই.কে.জে/

রিকশা গ্রিন রোড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250