ফাইল ছবি
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
আজ বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসির ফরম পূরণের বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
গত বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৭৮৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ২২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছিল। সে হিসাবে গত বছর থেকে এইচএসসির ফরম পূরণের ফি বেড়েছে ২১০ টাকা।
আগের ঘোষণা অনুযায়ী, আগামী ১লা মার্চ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে মে-জুন মাসে পূর্ণাঙ্গ সিলেবাসে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যে ঘোষণা এসেছে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে।
ফরম পূরণের বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এইচএসসির ফরম পূরণ করতে পারবে। তবে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত শারীরিকভাবে অক্ষম বা সেরিব্রাল পালসি বা বিশেষ শিক্ষার্থীদের জন্য নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি শিথিলযোগ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬শে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করবে কলেজগুলো। ২৬শে ফেব্রুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের তথ্যসহ সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা থেকেই শিক্ষার্থীরা ১লা মার্চ থেকে অনলাইনে এইচএসসির ফরম পূরণ করতে পারবে। বিলম্ব ফি ছাড়া আগামী ৯ি মার্চ পর্যন্ত ফরম পূরণ করা যাবে।
১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ই থেকে ১৮ই মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। সে ক্ষেত্রে ফি জমা দেওয়ার শেষ সময় ১৮ মার্চ।
বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ ফরম পূরণ ফি ২ হাজার ৯৯৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার ২ হাজার ৩৩৫ টাকা নেওয়ার কথা বলা হলেও মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কোনো শিক্ষার্থীর চতুর্থ বিষয় ও নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে অতিরিক্ত ১৪০ টাকা করে দিতে হবে। এ ফির বাইরে কলেজগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের টিউশন ফি আদায় করতে পারবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্ট নিতে পারবে, তবে তা পরীক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক নয় এবং এর জন্য অতিরিক্ত ফি আদায় করা যাবে না।
খবরটি শেয়ার করুন