রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

কলকাতার পেজে লাখো ‘নেগেটিভ রিঅ্যাকশন’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

নিলাম থেকে নিয়ে মোস্তাফিজুর রহমানকে ছেঁটে ফেলায় তোপের মুখে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ থেকে তো বটেই, এমনকি মোস্তাফিজ ইস্যুতে সাবেক ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও কলকাতাকে ধুয়ে দিয়েছেন। ভক্ত-সমর্থকেরা এখন সামাজিক মাধ্যমে কলকাতার ওপর ক্ষোভ ঝাড়ছেন।

বাংলাদেশ সময় গতকাল শনিবার (৩রা জানুয়ারি) বেলা ২টা ২২ মিনিটে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজকে বাদ দেওয়ার কথা নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। এই পোস্টের পরই ক্রিকেটপ্রেমীদের ক্ষোভ বিস্ফোরিত হতে থাকে। 

গণহারে কলকাতার পেজে ‘অ্যাংরি রিঅ্যাকশন’ দিতে থাকেন ভক্ত-সমর্থকেরা। গত ২২ ঘণ্টায় মোস্তাফিজকে বাদ দেওয়ার পোস্টে প্রতিক্রিয়া এসেছে ১ লাখ ৯০ হাজার। যার মধ্যে ১ লাখ ২৬ হাজার অ্যাংরি রিঅ্যাকশন ও হাহা রিঅ্যাকশন দেখা গেছে ৩৭ হাজার। অ্যাংরি রিঅ্যাকশনের পাশাপাশি নেতিবাচক মন্তব্যে সয়লাব এই পোস্ট। বেশির ভাগ মন্তব্যই মোস্তাফিজকে নিয়ে করা। আইপিএল বয়কটের দাবি তো উঠেছেই, এমনকি ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে শ্লেষাত্মক মন্তব্য দেখা গেছে।

মোস্তাফিজকে বাদ দেওয়ার পর এই ইস্যুতে পরবর্তীতে আর কোনো পোস্ট করেনি কলকাতা নাইট রাইডার্স। তবে ভক্ত-সমর্থকদের ক্ষোভ কি এত সহজে থেমে যায়! যদি মোস্তাফিজের বাদ দেওয়ার খবরটাকেও হিসেবে ধরা হয়, সেই হিসেবে গত ২২ ঘণ্টায় এখন পর্যন্ত আটটা পোস্ট ফেসবুকে দিয়েছে কলকাতা। যার মধ্যে বরুণ চক্রবর্তীর বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত বোলিং, নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের ওয়ানডে দলের পোস্ট, হারশিত রানা, অংক্রিশ রঘুবংশীর পোস্টও রয়েছে। কলকাতার সব পোস্টই হাহা আর অ্যাংরি রিঅ্যাকশনে সয়লাব।

কলকাতার সব পোস্টে নেতিবাচক প্রতিক্রিয়ার কারণ যে মোস্তাফিজ ইস্যু, সেটা না বললেও চলছে। প্রত্যেক পোস্টের কমেন্টে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আইপিএলের পাশাপাশি পুরো ভারতকেই ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলের পোস্টটার দিকেই একটু খেয়াল করা যাক। শুবমান গিলকে অধিনায়ক করে ভারত ১৫ সদস্যের দল দিয়েছে। এই পোস্টে ৫১ হাজার প্রতিক্রিয়ার মধ্যে ৩১ হাজার হাহা ও ১৫ হাজার অ্যাংরি রিঅ্যাকশন। নেতিবাচক মন্তব্য তো রয়েছেই।

কয়েক দিন ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ তুলে ধরা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ভারতীয়রা। এই ইস্যুতে মোস্তাফিজকে নিলাম থেকে নেওয়ায় কলকাতা কর্তৃপক্ষের প্রতি তোপ দেগেছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। এই ঘটনায় শেষ পর্যন্ত মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা। ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন। এমনকি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরানোর অনুরোধ করেছেন তিনি।

মোস্তাফিজুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250