ছবি-ফাইল
ক্যাশলেস সোসাইটি তৈরি হলে দেশে দুর্নীতি কমবে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টাকা পে কার্ড চালুর ফলে বিদেশে আর টাকা দিতে হবে না, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেই লেনদেন হবে। এতে দেশের রাজস্বের পরিমাণও বাড়বে। প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে ক্যাশলেস সোসাইটির পথে আরেক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ।
বুধবার (১ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ন্যাশনাল স্কিম টাকা-পে’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
‘টাকা পে’ ডেবিট কার্ডের মাধ্যমে নগদ টাকা উত্তোলন ও কেনাকাটা করা যাবে। ভবিষ্যতে আন্তর্জাতিক লেনদেনও চালু করা হবে ‘টাকা পে’র মাধ্যমে। বিশেষ করে অদূর ভবিষ্যতে ভারতেও এই কার্ডের ব্যবহার সম্প্রসারিত হবে। তখন রুপিতে রূপান্তর ছাড়াই ভারতে এই কার্ড দিয়ে কেনাকাটা করতে পারবেন বাংলাদেশিরা।
আরো পড়ুন: কারো কোনো চাপে কিছু আসে যায় না: প্রধানমন্ত্রী
এই কার্ড স্কিম উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সেবা ধাপে ধাপে মানুষের কাছে পৌঁছেছে। আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। সেই পথে প্রথমবারের মতো চালু হওয়া এই কার্ড স্কিম নতুন মাইলফলক।
অর্থনৈতিক ব্যবস্থাপনা স্বাধীন করার লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কার্ডগুলো এখন আমরা ব্যবহার করি সেগুলো বিদেশ নির্ভর। পরনির্ভরশীলতা কাটিয়ে মর্যাদাশীল জাতি হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে হবে।
এ সময় নিজস্ব কার্ড স্কিম ‘টাকা পে’ এর সুরক্ষা নিশ্চিতের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর ব্যবহার যাতে সবাই করতে পারে সেই সুযোগ নিশ্চিত করতে হবে। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া আরও সাশ্রয়ী করতে হবে। গড়ে তুলতে হবে ক্যাশলেস সোসাইটি।
এসি/ আই. কে. জে/