মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেন যাত্রায় এখন আর আগের দিন নেই

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেছেন, সবগুলো ট্রেনই যথাসময়ে যথা নিয়মে চলাচল করছে। শুধু রংপুর এক্সপ্রেস আসতে কিছুটা বিলম্ব হয়েছিল। আমরা আগে দেখেছি সকালের ট্রেন রাতে গেছে, মানুষ টিকিট কাটার সময় ভোগান্তিতে পড়েছেন। তবে ট্রেনে এখন আর আগের দিন নেই। ট্রেন যাত্রা এখন আরও সহজ হয়েছে।

সোমবার (২৬ জুন) ঈদে ট্রেন ভ্রমণের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

মাসুদ বলেন, আমরা নিরাপত্তায় বেশি গুরুত্ব দিচ্ছি। আপনারা দেখেছেন র‌্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সার্বক্ষণিক সেবা দিচ্ছে।

স্টেশন ম্যানেজার বলেন, আজ সারাদিন সব মিলিয়ে মোট ৫৩ জোড়া ট্রেন ছাড়বে। ১০৬টি ট্রেনের মাঝে ৩ জোড়া স্পেশাল ট্রেন ছেড়ে যাবে। এছাড়া ৪১ জোড়া আন্তঃনগর ট্রেন রয়েছে।

তিনি বলেন, ঈদে শতভাগ টিকিট অনলাইনে পাওয়ায় যাত্রীদের কোনো ভোগান্তি নেই। কোনো বিষয় নিয়ে তাদের অভিযোগও নেই। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মনিটরিং করছেন। বিনা টিকিটে কেউ ভ্রমণ করতে পারবেন না। ট্রেনের ছাদে যাতে কেউ ভ্রমণ করতে না পারেন সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।

শিডিউল বিপর্যয় নিয়ে মাসুদ বলেন, আমাদের সবগুলো ট্রেনই সময়মতো চলাচল করছে। যে ট্রেনগুলো এক ঘণ্টার কম সময় বিলম্ব করছে আমরা সেটাকে শিডিউল বিপর্যয় বলছি না। ঈদের সময় একটু বিলম্ব হতেই পারে।

আরো পড়ুন: কমলাপুরে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়

ডিমান্ডের ওপর ভিত্তি করে ক্যাটেল ট্রেন পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, আজ সকালেও ক্যাটল ট্রেন এসেছে। ক্যাটল পরিবহনের চাহিদার ওপর ভিত্তি করে ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ১৪ জুন থেকে আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী ১৪ জুন দেওয়া হয় ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হয় ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হয় ২৮ জুনের অগ্রিম টিকিট।

আর ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন থেকে। সেই হিসেবে ২২ জুন দেওয়া হয় ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হচ্ছে ফিরতি ট্রেনের টিকিট।

এবারও ঈদযাত্রায় আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে মোট আসনের ২৫ শতাংশ। ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাবে। শুধু যাত্রা শুরুর দিন আসনবিহীন টিকিট স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে। এবার ঈদযাত্রায় ঢাকা থেকে আন্তঃনগর ট্রেনে প্রতিদিন প্রায় ২৯ হাজার আসনের টিকিট বিক্রি হবে। আর কমিউটার ও আন্তঃনগর মিলে প্রায় ৫০ হাজারের অধিক মানুষ ঢাকা ছাড়বেন আজ।

এবার ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে দেওয়া হলেও টিকিট বিক্রিতে কিছুটা পরিবর্তন আনা হয়। অনলাইনে দুই ভাগে দেওয়া হয় অগ্রিম টিকিট। ঈদযাত্রায় পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যায় সকাল ৮টা থেকে। আর দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হয়।

এসি/আইকেজে 

ট্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250