বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা *** গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা *** ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল *** ‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল *** গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন *** তিনি আসিব আসিব বলেন, কবে আসবেন জানি না, সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজশাহীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশে তুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় শুরু হওয়া সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করা হয়। এ সময় জাদুঘর মোড়ের ফুটপাতে থাকা অন্তত ১০টি দোকানে অগ্নিসংযোগ করে ছাত্রদলের নেতা–কর্মীরা।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক ও যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের নেতা–কর্মীদের হাতে দেশি অস্ত্র এবং পিস্তল হাতে একজনকে গুলি ছুড়তে দেখা যায়।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর রহমান নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা নিয়ে ঘটনার সূত্রপাত। ওই যুবক নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সহসভাপতি বলে দাবি ছাত্রদল নেতা ইমদাদুল হকের। গতকাল রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল নেতা সাফায়েত হোসেনের চাচাতো ভাই কৌশিকের সঙ্গে নগরের টিবি পুকুর এলাকার একটি দোকানে বসে ছিলেন শাহিনুর।

তখন ইমদাদুল হকের অনুসারী ছাত্রদলের নেতা–কর্মীরা শাহিনুরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এরপর সাফায়েত জাদুঘর মোড়ে ইমদাদুল হকের সঙ্গে দেখা করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহিনুরকে আটক করে পুলিশে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ঘটনার পর তারা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেনের নেতৃত্বে তাঁদের ওপর হামলা করা হয়। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরাও সংঘর্ষে যোগ দেন। এ ঘটনায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা সাফায়েত হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই ইমদাদুল হক আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন। আমার নামে যে অভিযোগ করা হয়েছে, এটা বানোয়াট, সেখানে আমি ছিলাম না।’ তিনি বলেন, ৫ আগস্ট থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে, সেটা ইমদাদুল হকের বাহিনী করেছে। তার একটা ছোটখাটো নমুনা আমরা আজ দেখতে পেয়েছি।’

যোগাযোগ করলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটক করা যায়নি। পুলিশ শুধু একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছে, অন্য কোনো অস্ত্র উদ্ধার হয়নি।

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটকের বিষয়ে রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শাহিনুর থানা হেফাজতে আছেন। তার নামে থানায় মামলা আছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

রাতের সংঘর্ষের ঘটনার পর আজ বুধবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন ইমদাদুল হক ও সাফায়েত হোসেন। বিকেলে রাজশাহী কলেজে সংবাদ সম্মেলন করে সাফায়েত হোসেন দাবি করেন, ইমদাদুলের পরিবারেই আওয়ামী লীগ আছে। সেদিকে না তাকিয়ে তিনি সাধারণ মানুষকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ সাজিয়ে মব করে পুলিশে দিচ্ছেন। তার অভিযোগ, প্রথমে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিলে সবকিছু ঠিক থাকে। আর চাঁদা না দিলে পুলিশে দেওয়া হয়।

অন্যদিকে পৃথক সংবাদ সম্মেলনে ইমদাদুল হক দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশি অস্ত্র ও ককটেল নিয়ে তাদের ওপর হামলা করা হয়। হামলাকারীরা গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায়। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘কেউ এ অভিযোগ প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করে নিজেকে আইনের কাছে সপে দেব।’

এদিকে বিকেলে দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন ও তার অনুসারী আরেক যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেনের পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।

আজ বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজশাহী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গাজীপুর-সাভার-নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে বন্ধ ১৪৩ পোশাক কারখানা

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গাজীপুর-সাভারে শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ, ৮ জেলায় বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250